অবশেষে কার্ড পেলেন সুশীলা বর্মণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদরের কুন্দুপুকুর ইউনিয়নের গুরগুড়ি গ্রামের সুশীলা বর্মণ (৭০) অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন। জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মো. জাকীর হোসেন তাঁর হাতে ওই কার্ড তুলে দেন।

‘কাডত তো ৭০, তাও বলে বয়স হয় নাই’ শিরোনামে গত বুধবার প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর জেলা প্রশাসকের হস্তক্ষেপে জেলা সমাজসেবা কার্যালয় ওই বয়স্ক ভাতার কার্ড করে দেয়।

কার্ড পাওয়ার আনন্দে কান্নায় ভেঙে পড়েন সুশীলা বর্মণ। কার্ড নেওয়ার সময় সুশীলা জেলা প্রশাসক জাকীর হোসেনের মাথায় ও গায়ে হাত বুলিয়ে দোয়া করেন। এ সময় সুশীলা বলেন, ‘আইজ মুই খুব খুশি হইছু। এই কাডের বাদে কত যাগাত গেছু; মোর কার্ড হয় নাই। তোমরা মোর ছবি তুলি দিলেন, আর মোর কাড হয়য়া গেইল। মুই তোমার জইন্যে দোয়া করিম, ভগবান তোমার মঙ্গল কইরবে।’

কার্ড হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুস সোবহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবিব, সমাজসেবা কর্মকর্তা মো. সাদেকুর রহমান প্রমুখ।

সমাজসেবা কার্যালয়ের পৌর সমাজকর্মী মো. রশিদুল ইসলাম বলেন, জরুরি অবস্থার সময়ে সুশীলার ভোটার তালিকায় নাম উঠেছে পৌর এলাকার বাড়াইপাড়া মহল্লায়। কিন্তু তিনি এখন বসবাস করছেন গুরগুড়ি গ্রামে। এ কারণে তিনি এত দিন তালিকায় আসেননি। এখন তিনি গত অক্টোবর থেকে প্রতি মাসে ৫০০ টাকা হিসেবে নিয়মিত ভাতা পাবেন। রোববার তাঁর ব্যাংক হিসাব খুলে দেওয়া হবে।