
নানা দর-কষাকষি ও টানাহেঁচড়ার পর অবশেষে খানিকটা আশার আলোর দেখা মিলল পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলনে। সম্মেলনের একেবারে শেষ মুহূর্তে গত শনিবার অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি মোকাবিলায় একটি সমঝোতায় উপনীত হয়েছেন।
সম্মেলনের শেষভাগে আলোচনায় টানা ৩০ ঘণ্টার অচলাবস্থার পর বিবদমান পক্ষগুলো একটি নয়া বিশ্ব জলবায়ু চুক্তির পথনির্দেশ অনুমোদন করে। এর আগে এই পথনির্দেশ প্রশ্নে সম্মেলন এক দিন বেড়ে শনিবার রাত পর্যন্ত গড়ায়। পথনকশার মূল বিষয়গুলো নিয়ে মতৈক্যে পৌঁছাতে এই বাড়তি সময়ে জোর চেষ্টা চালান আলোচকেরা। কিয়োটো প্রটোকলের পর বহু কাঙ্ক্ষিত নতুন এই চুক্তি ২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠেয় সম্মেলনে সইয়ের কথা রয়েছে।
ধনী আর উন্নয়নশীল দেশের প্রতিনিধিদের তীব্র বাদানুবাদের পর প্রতিনিধিরা একমত হন যে প্রত্যাশিত প্যারিস চুক্তির জন্য আগেভাগেই জলবায়ু সংকট মোকাবিলায় একটি আইনগত বাধ্যবাধকতার প্রয়োজন। এ ছাড়া ক্ষতিকর কার্বন গ্যাসের নিঃসরণ কমাতে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির শিকার দেশগুলোকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়েও প্রতিনিধিরা একমত হন। আর এসব বিষয় নিয়েই ওই পথনির্দেশের খসড়া অনুমোদন করেন তাঁরা।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত ও উন্নয়নশীল দেশগুলো কে কতটুকু ছাড় দেবে, দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে কত সহায়তা দেওয়া হবে এবং প্রাকৃতিক বিপর্যয়ে যেসব দেশ এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার মতো বিতর্কিত বিষয়গুলো নিয়ে দীর্ঘ মতবিরোধের পর এই সমঝোতা হলো। তবে বাস্তবে পথনির্দেশ মেনে নতুন চুক্তি স্বাক্ষর করতে ২০১৫ সালের মধ্যেই আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে।
পথনির্দেশটির একটি শব্দ নিয়ে ব্যাপক টানাহেঁচড়া হয় সম্মেলনে। এই শব্দের বিরোধিতা করেন চীন ও ভারতের প্রতিনিধিরা। ওই বক্তব্যে ধনী দেশের তরফে সব পক্ষের কাছ থেকে জলবায়ু সংকট মোকাবিলায় ‘প্রতিশ্রুতি’ চাওয়া হয়। চীনের প্রধান মধ্যস্থতাকারী সু ওয়েই বলেন, শুধু উন্নত দেশগুলোকে প্রতিশ্রুতি দিতে হবে। উন্নয়নশীল দেশগুলোর কাছ থেকে সহায়তামূলক পদক্ষেপ আশা করা যেতে পারে। পরে অবশ্য ‘প্রতিশ্রুতি’ শব্দের স্থলে ‘অবদান’ শব্দ গ্রহণ করতে সবাই সম্মত হন।
পথনির্দেশ অনুমোদন করলেও উন্নয়নশীল দেশের প্রতিনিধিরা ধনী দেশের অর্থসহায়তা-বিষয়ক সুনির্দিষ্ট প্রতিশ্রুতির ঘাটতিতে ক্ষুব্ধ রয়ে গেছেন। ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘টাইফুন হাইয়ান’ আঘাত হানার রেশ মিলিয়ে না যেতেই দুই সপ্তাহ আগে ‘দ্য কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ)’ নামের এই সম্মেলন শুরু হয়। ফিলিপাইনের প্রতিনিধিদলের প্রধান ইয়েব সানে সম্মেলনে বক্তব্যদানকালে অশ্রুভেজা কণ্ঠে ‘জলবায়ুর উন্মত্ত আচরণ’ বন্ধে আশু কার্যকর ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।
ইয়েব সানের আহ্বানের সময় সম্মেলনস্থলে যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, জাপানের ঘোষণায় পরক্ষণেই তাতে ছেদ পড়ে। দেশটির প্রতিনিধি সাফ জানিয়ে দেন, ২০২০ সালের মধ্যে কার্বন নির্গমনের মাত্রা কমিয়ে আনার লক্ষ্যমাত্রা পূরণ করা তাঁদের পক্ষে সম্ভব হবে না।
এদিকে জলবায়ু পরিবর্তনের ফলে তৈরি হওয়া সংকট নিরসনে অর্থনৈতিক সমাধান কী করে হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট অঙ্গীকার না থাকায় অসন্তুষ্টি আর ক্ষোভ প্রকাশ করেছে পরিবেশবাদী জোট ‘গ্রিন গ্রুপ’। বলা হচ্ছে, পরিকল্পনাগুলোর অর্থায়ন কীভাবে হবে, গরিব বা উন্নয়নশীল দেশের ক্ষতিপূরণের ব্যবস্থা কী রকম হবে, এ বিষয়ে যাবতীয় কর্মপন্থা নির্ধারণ করতে হবে ২০১৫ সালের আগেই।
এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ক্লাইমেট কমিশনার কনি হেডেগার্ড বলেন, ‘এসব সম্পন্ন করতে শুধু উন্নত দেশগুলোই নয়, পৃথিবীর সব দেশকেই স্বেচ্ছায় এগিয়ে আসতে হবে সহযোগিতার মনোভাব নিয়ে।’
পথনকশার উল্লেখযোগ্য দিক: (ক) প্রতিনিধিরা এই মৌলিক নীতির পুনর্নিশ্চয়তা দিয়েছেন, ২০১৫ সালে যে জলবায়ু চুক্তি হবে, সেটি জাতিসংঘের ১৯৫টি সদস্যদেশের ‘সবার জন্য গ্রহণযোগ্য’ হবে। চুক্তিতে ধনী-দরিদ্র দেশের মধ্যে কোনো বৈষম্য করা হবে না। এটি হবে পূর্ববর্তী কিয়োটো প্রটোকলের চেয়ে উন্নততর। (খ) গ্রিনহাউস গ্যাসের নির্গমন হ্রাসে ব্যবস্থা গ্রহণে ইচ্ছুক দেশগুলোকে ওই চুক্তি সইয়ের ‘যথেষ্ট আগেই’ নিজ নিজ লক্ষ্যমাত্রা নির্ধারণপূর্বক তা জানাতে হবে। এই লক্ষ্যমাত্রা পূরণে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবশ্যই ২০১৫ সালের প্রথম তিন মাসের মধ্যে ঘোষণা দিতে হবে। (গ) আগামী বছর পেরুর লিমায় জলবায়ু-সংক্রান্ত দ্বিতীয় দফা আলোচনার আগে চুক্তির সমঝোতামূলক বক্তব্যের একটি খসড়া প্রস্তুত করতে হবে। (ঘ) ২০২০ সাল থেকে নতুন চুক্তির পুরোপুরি বাস্তবায়ন শুরু হবে। ক্ষতিকর গ্যাসের নির্গমন হ্রাসে সদস্যদেশগুলোর পক্ষে যা যা করা সম্ভব, তা এই সময়ের আগেই শুরু করতে হবে।
অর্থায়ন: (১) চূড়ান্ত দর-কষাকষির পর একটি পৃথক দলিলের ওপর ঐকমত্যে পৌঁছান প্রতিনিধিরা। এই দলিলে উন্নত দেশগুলোর প্রতি ২০২০ সাল সামনে রেখে দরিদ্র ও জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোকে ‘বর্ধিত হারে’ অর্থসহায়তার আহ্বান জানানো হয়েছে। (২) সম্প্রতি গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ডে ‘খুবই উল্লেখযোগ্য হারে’ প্রাথমিক অর্থের জোগান দিতেও দলিলে আহ্বান জানানো হয়।
ক্ষয়ক্ষতি নিরূপণ পদ্ধতি: (ক) আলোচকেরা ঝুঁকিপূর্ণ দেশগুলোকে জলবায়ু পরিবর্তনজনিত ভবিষ্যৎ ক্ষতি মোকাবিলায় সহায়তা করতে ‘ওয়ারশ ইন্টারন্যাশনাল মেকানিজম ফর লস অ্যান্ড ড্যামেজ’ প্রণয়নে সম্মত হন। (খ) এই পদ্ধতির কাঠামো, গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা অবশ্যই তিন বছর পর পর পর্যালোচনা করতে হবে।
বনাঞ্চল রক্ষা: আলোচকেরা সম্মেলনে আরইডিডি প্লাস নামে পরিচিত এক কর্মসূচির রূপরেখা উন্নয়নেও অগ্রগতি সাধন করেছেন। এ কর্মসূচির লক্ষ্য হলো দরিদ্র দেশগুলোকে তাদের বনাঞ্চল উজাড় হওয়া থেকে রক্ষা ও মরুকরণ হ্রাসবিষয়ক প্রকল্পে অর্থসহায়তা করা। এএফপি, বিবিসি।