অবশেষে কৃষক লীগ নেতার বিরুদ্ধে মামলা
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় অবশেষে কৃষক লীগের নেতা সিরাজ রাঢ়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। গোসাইরহাট থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি নথিভুক্ত করে। গতকাল প্রথম আলোয় ‘কৃষক লীগ নেতার বখাটেপনা!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) এ কে এম শহীদুর রহমান সকাল ১০টার দিকে চর সামন্তসার গ্রামে যান। তিনি ওই ছাত্রী ও তার মা, সামন্তসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তার হোসেনসহ গ্রামবাসীর সঙ্গে কথা বলেন।পুলিশ সুপার এ কে এম শহীদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘লোকজনের সঙ্গে কথা বলে ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত সিরাজ রাঢ়ীর বিরুদ্ধে মামলা নিতে গোসাইরহাট থানার ওসিকে নির্দেশ দিয়েছি।সামন্তসার ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সিরাজ রাঢ়ী (৫৫) সামন্তসার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত এবং একপর্যায়ে বিয়ের প্রস্তাব দেন। অভিযোগ ওঠে, প্রস্তাবে রাজি না হওয়ায় সিরাজ মেয়েটিকে অপহরণ ও এসিড নিক্ষেপের হুমকি দেন। এ ব্যাপারে ছাত্রীটির মা গত ৫ মে সিরাজের বিরুদ্ধে গোসাইরহাট থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা জিডি হিসেবে অন্তর্ভুক্ত করে।