অবশেষে ক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকদের সঙ্গে প্রশাসনের জরুরি বৈঠক
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে ক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকদের শান্ত করতে প্রশাসন তাঁদের নিয়ে বৈঠক করেছে। এ বৈঠকে রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ক্ষুব্ধ গ্রাহকদের বুধবার বিকেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের পরিপ্রেক্ষিতে এ বৈঠক করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সর্বদলীয় লোকজন এতে অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজামেঞ্চল হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর জেলা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার শিবু লাল বসু, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম চৌধুরী প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গ্রাহকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ জন্য আইনশৃঙ্ক্ষলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি ভিত্তিতে সর্বদলীয় পেশাজীবীদের নিয়ে বৈঠক করা হয়। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ রায়পুরে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর আশ্বাস দিয়েছেন।