অবশেষে খুনির গায়ে কয়েদির পোশাক

খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামি রিটু দাশ ওরফে বাবলুর গায়ে অবশেষে কয়েদির পোশাক উঠেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রিজন সেলে গতকাল বৃহস্পতিবার তাঁকে কয়েদির পোশাক পরানো হয়। বুকের ব্যথা নিয়ে প্রায় দেড় মাস মেডিসিন বিভাগে আরাম-আয়েশে থাকার পর গতকাল তাঁকে হূদেরাগ বিভাগে স্থানান্তর করা হয়।

গতকাল প্রথম আলোয় ‘হাসপাতালে আরাম-আয়েশে খুনি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর কারা প্রশাসনসহ সব মহলে তোলপাড় সৃষ্টি হয়। একটি খুনের মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত রিটু গত ২৬ জুন গ্রেপ্তার হন। চট্টগ্রাম নগরের রেলওয়ে ভবনে (সিআরবি) রেলের দরপত্র নিয়ে ছাত্রলীগ-যুবলীগের দুই পক্ষে গোলাগুলিতে দুজন নিহত হওয়ার মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়। বুকে ব্যথার কথা বলে গত ৭ আগস্ট কারাগার থেকে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি ছিলেন বেশ আরাম-আয়েশে। কয়েদির পোশাক পরানো হয়নি তাঁকে। খাবার আসত বাইরে থেকে। সহযোগীরা দেখা করতে পারতেন যখন-তখন। কথা বলতেন মুঠোফোনে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া গতকাল প্রথম আলোকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ (গতকাল) অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল হাসপাতাল থেকে রিটুকে কারাগারে নিয়ে আসতে। কিন্তু হাসপাতালের চিকিৎসকেরা তাঁর কিছু পরীক্ষার-নিরীক্ষার কথা বলে রেখে দেন।’ছগির মিয়া জানান, গতকাল দুপুরে রিটুকে কয়েদির পোশাক পরানো হয়েছে। তিনি যাতে কারও সঙ্গে কথা বলতে না পারেন এবং কোনো অবৈধ সুবিধা নিতে না পারেন, কারারক্ষীদের সেই নির্দেশ দেওয়া হয়েছে জোরালোভাবে।গতকাল বেলা একটা ৪৫ মিনিটে চমেক হাসপাতালে গিয়ে দেখা যায়, হূদেরাগ বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন রিটু দাশ। পরনে কয়েদির পোশাক। হূদেরাগ বিভাগের সহকারী অধ্যাপক আবদুল লতিফ মোল্লা প্রথম আলোকে জানান, রিটু দাশকে ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে। কোনো সমস্যা না পেলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।