অবশেষে গৃহবধূকে উদ্ধার স্বামী ও শাশুড়ি শ্রীঘরে
অবশেষে আটকে রাখা গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে শাশুড়ি ও স্বামীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। শিবচর থানায় যৌতুক, নারী ও শিশু নির্যাতন দমন আইনে গৃহবধূর শাশুড়ি, দেবর ও ভাশুরকে আসামি করে মামালা করা হয়েছে।নির্যাতনের শিকার গৃহবধূকে আইনি সহায়তা দিতে এগিয়ে এসেছে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি। পরিবার ও পুলিশ জানায়, গত শনিবার পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর শিবচর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল বিশ্বাসের নেতৃত্বে এক দল পুলিশ গৃহবধূ শোভা আক্তারের স্বামীর বাড়ি উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বৈইখণ্ডপুর যায়। সেখান থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে শিবচর থানায় আনা হয়। এ সময় তাঁর স্বামী গোলাম মাওলা (২৮) ও শাশুড়ি ছকিনা বেগমকে (৫০) আটক করে জেলহাজতে পাঠায় পুলিশ। গৃহবধূর বাবা মো. জয়নাল শিকদার বাদী হয়ে শনিবার রাতেই থানায় মামলা দায়ের করেন। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রাজ্জাক বলেন, যৌতুক, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই গৃহবধূর শাশুড়ি, দেবর ও ভাশুরকে আসামি করে একটি মামালা করা হয়েছে।