অবশেষে গোপলা নদীর বাঁধ অপসারণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গোপলা নদীর গতিপথ বদলে দেওয়া সেই বাঁধটি অবশেষে অপসারণ করা হয়েছে। গত রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঁধটি অপসারণ করা হয়। এর আগে শনিবার ‘গোপলা নদীর বাঁধটি এখনো অপসারণ করা হয়নি’ শিরোনামে প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হলে প্রশাসন সেটি অপসারণের উদ্যোগ নেয়।শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, রোববার সকালে পুলিশের একটি দল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশফাকুল হক চৌধুরী ঘটনাস্থলে যান। এ সময় নদী দখলকারীদের নিয়োজিত শ্রমিকেরা দৌড়ে পালিয়ে যায়।বাঁধ অপসারণের সত্যতা নিশ্চিত করে ইউএনও আশফাকুল হক বলেন, ওই দিন সকাল থেকে বিকেল পর্যন্ত ২০ জন শ্রমিক কাজ করে বাঁধটি অপসারণ করে। এ সময় সদর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মনসুরুল আজিজ চৌধুরী ও আশীদ্রোণ ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. এনামুল হক উপস্থিত ছিলেন।শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মনসুরুল আজিজ চৌধুরী জানান, বাঁধ অপসারণের পর নদীর নতুন গতিপথের খতিয়ান, দাগ নম্বরসহ নতুন মানচিত্র এরই মধ্যে তৈরি করা হয়েছে।স্থানীয় একটি প্রভাবশালী মহলের সহায়তায় লৈয়ারকুল গ্রামের বাসিন্দা মো. আবদুল কাদিরের ছেলে মো. বেলাল আহমদ গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে উপজেলার শহীদপুর মৌজার ৩৫ নম্বর দাগের ওপর নদীতে বাঁধ দেন। পরে সেখানে তিনি মাছের খামার গড়ে তোলেন। বাঁধ দেওয়ায় এখানে নদীর প্রবাহ বন্ধ হয়ে যায়।