অবশেষে গ্রেপ্তার হলেন সেই মাতব্বরেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাম্য সালিসে ধর্ষণের ঘটনা রফা করার চেষ্টা এবং পাঁচ হাজার টাকা ধরিয়ে দিয়ে নির্যাতনের শিকার শিশুকে গ্রামছাড়া করার ঘটনায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সেই মাতব্বরদের গ্রেপ্তার করেছে পুলিশ।
মাতব্বরদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে—এ বিষয়ে জানতে চেয়ে হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারির পরপরই নন্দীগ্রাম থানার পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযুক্ত তিন মাতব্বরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া মাতব্বরেরা হলেন আবদুল গফুর, স্কুলশিক্ষক আল-মামুন ও গোলাম মোস্তফা। গতকাল শুক্রবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি নন্দীগ্রামের আহমঞ্চদ আলী (৬০) নামের এক ব্যক্তি এলাকার এক দিনমজুরের ছয় বছরের শিশুকন্যাকে নির্জন স্থানে নিয়ে নির্যাতন করেন। বিষয়টি জানাজানির পর গ্রামের মাতব্বরেরা নির্যাতনের শিকার পরিবারটিকে থানায় মামলা করতে না দিয়ে সালিস বসান। সালিসে আবদুল গফুর, আল-মামুন, গোলাম মোস্তফাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সালিসে অভিযুক্ত আহম্মদ আলী দোষ স্বীকার করলে মাতব্বরেরা তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। ওই টাকার মধ্যে ২৫ হাজার টাকা মাতব্বরেরা নিজেরা ভাগ-বাঁটোয়ারা করেন। বাকি পাঁচ হাজার টাকা দিনমজুর বাবার হাতে দিয়ে শিশুটিকে গ্রামছাড়া করেন। এ নিয়ে গত ৩ মার্চ প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় প্রতিবেদন ছাপা হয়। এরপর হাইকোর্টের একটি বেঞ্চ পুলিশের প্রতি রুল জারি করে। বৃহস্পতিবার হাইকোর্টের এ-সংক্রান্ত নথি নন্দীগ্রাম থানায় পৌঁছালে পুলিশ মাতব্বরদের গ্রেপ্তারে তৎপর হয়ে ওঠে।