অবশেষে ঘাঘটের মাটি কাটা বন্ধ বাঁধ অপসারণ

অবশেষে রংপুরের ঘাঘট নদ থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে সদর উপজেলা ভূমি কার্যালয়ের নির্দেশে মাটি উত্তোলনকারী লাল মিয়া নিজেই লোকবল নিয়ে নদ থেকে অস্থায়ী বাঁধটি অপসারণ করেন। বন্ধ করে দেন মাটি কাটা। শীত মৌসুম এলেই ঘাঘটে মাটি কাটা ও বালু উত্তোলন শুরু হয়ে যায়। এ নিয়ে গত শনিবার প্রথম আলোয় ‘ঘাঘট নদের দুঃখগাথা চলছেই’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই গতকাল এ উদ্যোগ নেওয়া হলো।
কাঠ ও মাটি দিয়ে আড়াআড়িভাবে নদের পানিপ্রবাহ বন্ধ করে অস্থায়ী রাস্তাটি বানিয়ে নদের উত্তম হাজিপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটা চলছিল। সেই মাটি ট্রাক ও ট্রলিতে করে বিক্রির জন্য অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। মাটি কাটা বন্ধ করা প্রসঙ্গে জানতে চাইলে ব্যবসায়ী লাল মিয়া বলেন, ‘ভূমি অফিস থেকে স্যার ফোন দিয়া এই কাজ বন্ধ করে দিতে বলেছেন। আর তা না হলে মামলা করা হবে। তাই আমি নিজেই উদ্যোগ নিয়ে নদীর মধ্যে নির্মিত বাঁধ ভেঙে দিয়ে পানিপ্রবাহ নিশ্চিত করেছি।’