অবশেষে চলেই গেল সেই নবজাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মের পর মায়ের কোলে ঠাঁই হয়নি তার। পায়নি নিবিড় মমতা। বরং অবোধ কচি প্রাণের ওপর দিয়ে বয়ে গেছে নিমর্মতা। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে অবশেষে নিশ্চুপ হয়ে গেছে সে। আর কোনো দিন তার ঘুম ভাঙবে না। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কুষ্টিয়া থেকে আনা সেই শিশুটি। এই নবজাতকের মা-বাবার সন্ধান পাওয়া যায়নি।

এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কুষ্টিয়া সদর উপজেলার বিসিক শিল্পনগর এলাকার স ম লাভলু তাঁর দোকানের পেছনে গত রোববার সকালে ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন। শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় নবজাতকটির ওজন কম ছিল। ঠান্ডায় ভুগছিল সে। বেলা আড়াইটার দিকে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। পরে নিঃসন্তান দম্পতি বিসিক শিল্পনগরী এলাকার কুমারগাড়া গ্রামের আলামিন মিয়া ও তাঁর স্ত্রী সুমি বেগমের কাছে ওই শিশুর চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে গত রোববার সন্ধ্যায় শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আজ বুধবার সকালে প্রথম আলোকে আলামিন মিয়া জানান, সোমবার রাত আটটার দিকে শিশুটির অবস্থার অবনতি হলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একদিন কৃত্রিম উপায়ে তাকে বাঁচিয়ে রাখা হয়। গতকাল বিকেল তিনটার দিকে তাকে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১০টার দিকে সে মারা যায়।

চিকিৎসকের বরাত দিয়ে আলামিন জানান, শিশুটির শরীরের ওজন কম ও হাত-পা কেটে যাওয়ায় শরীরে সংক্রমণ হয়ে গিয়েছিল। তার হৃদ্যন্ত্রের কিছু সমস্যা পেয়েছিলেন চিকিৎসকেরা।