অবশেষে চাকরিটাই চলে গেল তাঁর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত পুলিশের সার্জেন্ট অরুণ চৌহানকে গতকাল বৃহস্পতিবার প্রশিক্ষণ ও চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপত্রে বলা হয়েছে, প্রশিক্ষণকালে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক এবং শ্রেণীকক্ষ ও প্রশিক্ষণ মাঠে অমনোযোগিতার কারণে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।অব্যাহতিপত্রে সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ আর এম আলিফের স্বাক্ষর রয়েছে। এ আর এম আলিফ গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘অরুণ চৌহানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’জানতে চাইলে পুলিশ একাডেমির অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, রাজশাহী মহানগরের একটি থানায় অরুণ চৌহানের বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। চুরি করা মালামাল তাঁর ট্রাংক থেকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘পুলিশের মতো একটি সুশৃঙ্খল বাহিনীতে বিশৃঙ্খলার অভিযোগে আইজি, ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা একমত হয়ে তাঁকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’অরুণ চৌহানকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) গোলাম রসুল জানান, অরুণ চৌহানের অব্যাহতিপত্রটি দুই দিন আগে পুলিশ সদর দপ্তর থেকে পুলিশ একাডেমিতে আসে।যোগাযোগ করা হলে অরুণ চৌহান বলেন, মিথ্যা অভিযোগ ও মিথ্যা মামলায় তাঁকে চাকরি হারাতে হলো। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষকের মেয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক মেনে নিতে না পেরে মেয়েটির বাবা-মা তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মামলা করেছেন।পুলিশ একাডেমিতে প্রশিক্ষণকালে অমনোযোগিতার অভিযোগ অস্বীকার করে অরুণ চৌহান বলেন, তিনিই একমাত্র সার্জেন্ট, যিনি ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতেন। প্রশিক্ষণ মাঠেও যথেষ্ট পারদর্শিতা ও দক্ষতার পরিচয় রেখেছেন বলে তিনি দাবি করেন।জানা যায়, ২০১০ সালের ২৯ জুলাই অরুণ ঢাকা মহানগর পুলিশের সার্জেন্ট হিসেবে যোগ দেন। গত বছরের ৮ সেপ্টেম্বর তিনি সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় ওই মেয়েটির বাবা-মা সারদা পুলিশ একাডেমিতে গিয়ে অরুণের বিরুদ্ধে তাঁদের মেয়েকে অপহরণের অভিযোগ করেন। তবে মেয়েটি পুলিশ একাডেমিতে গিয়ে জানান, তাঁদের প্রেম মেনে নিতে না পেরে তাঁর বাবা-মা অরুণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এ ব্যাপারে তিনি রাজশাহীর মতিহার থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন। এ ছাড়া মেয়েটির বাবা গত ডিসেম্বরে পুলিশ সদর দপ্তরে অভিযোগ করেন, ২০০৩ সালের ৫ মার্চ অরুণ তাঁদের বাসা থেকে ১৬ ভরি স্বর্ণালংকার ও ৬৫ হাজার টাকা চুরি করেছেন।রাজশাহী পুলিশ লাইনে চলতি বছরের ১১ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য মেয়েটির বাবা-মা ও ২০ জানুয়ারি মেয়েটিকে ডাকা হয়। এ সময় মেয়েটি অরুণের বিরুদ্ধে তাঁর বাবা-মায়ের ষড়যন্ত্রের কথা তুলে ধরেন। ওই দিনই মেয়েটির মা এ চুরির ঘটনায় মামলা করেন। মামলাটি তদন্তাধীন অবস্থায় ২৪ জানুয়ারি মেয়েটি, তাঁর ছোট বোন ও ভাই মতিহার থানায় গিয়ে সাক্ষ্য দেন, তাঁদের বাসায় চুরির কোনো ঘটনা ঘটেনি।মেয়েটি গতকাল সাংবাদিকদের বলেন, ভিন্ন ধর্মাবলম্বী ছেলের সঙ্গে প্রেম করার অপরাধে তাঁকে একাধিকবার মানসিক রোগী সাজানোরও চেষ্টা করা হয়েছে।