অবশেষে চালু হতে যাচ্ছে পানগাঁও নৌ-টার্মিনাল
অবশেষে চালু হতে যাচ্ছে পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার নৌ-টার্মিনাল। আগামী মে মাসে দেশের প্রথম নৌ-টার্মিনালটি দিয়ে পণ্য আনা-নেওয়ার কাজ শুরু করা যাবে বলে কর্তৃপক্ষ আশা করছে।নৌপথে কনটেইনার পরিবহন-সুবিধা সৃষ্টি, সড়কপথের ওপর চাপ কমানো, কম খরচে নদীপথে কার্গো পরিবহনের মাধ্যমে বাণিজ্যের প্রসার এবং চট্টগ্রাম বন্দরের গতিশীলতা বাড়াতে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁওয়ে বুড়িগঙ্গার তীরে এই নৌ-টার্মিনাল নির্মাণ করা হয়েছে। ৮৮ একর জমির ওপর আধুনিক সুবিধাসহ এই কনটেইনার টার্মিনালটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ যৌথভাবে এটি নির্মাণ করে। এতে ব্যয় হয়েছে ১৭৭ কোটি ৫৭ লাখ টাকা।চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত এই নদীপথের উপযোগী তিনটি জাহাজ কিনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। জাহাজগুলো আগামী এপ্রিলের শেষ নাগাদ এসে পৌঁছাবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।এই নৌ-টার্মিনালের প্রকল্প পরিচালক নৌ মন্ত্রণালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, অবকাঠামো নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। মালামাল ওঠানো-নামানোর কাজসহ অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের জন্য চট্টগ্রাম বন্দরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আশা করছেন, আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সব কাজ শেষ হবে। সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসের মধ্যে নৌ-টার্মিনালটি চালু করা যাবে। সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেন, নৌপথে কনটেইনার পরিবহন করা হলে সময় অনেক কম লাগবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট ও ডাকাতির ঝুঁকি থেকে মুক্ত থাকা যাবে। চট্টগ্রাম বন্দরে যেসব পণ্যসামগ্রী খালাস হয়, তার প্রায় ৭০ শতাংশ মালামাল ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকার। এসব পণ্যের ১০ শতাংশ আসতে পারে রেলপথের মাধ্যমে। বাকি মালামাল (বছরে ১০ লাখের অধিক কনটেইনার) সড়কপথে ঢাকায় আনা হয়। প্রকল্প কার্যালয় থেকে জানানো হয়, নতুন টার্মিনালে একসঙ্গে দুটি জাহাজ মালামাল ওঠাতে-নামাতে পারবে। প্রতিটি জাহাজের ধারণক্ষমতা ১০০ কনটেইনার। কনটেইনার পরিবহনে খরচ হবে সড়কপথের তিন ভাগের এক ভাগ।এ-সংক্রান্ত নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ২১ বছর ধরে নানা জটিলতা কাটিয়ে গত বছরের মে মাসে পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার নৌ-টার্মিনাল নির্মাণকাজ শেষ করেছে। কিন্তু টার্মিনালটি কে পরিচালনা করবে—বেসরকারি অপারেটর? চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ? নাকি এটা চলবে সরকারি-বেসরকারি অংশীদারিতে (পিপিপি)? এ নিয়ে কয়েক বছর ধরে নৌ মন্ত্রণালয় ও বন্দর কর্তৃপক্ষের নানামুখী কার্যক্রমকে কেন্দ্র করে জটিলতার সৃষ্টি হয়েছিল। এ নিয়ে গত বছরের ১৩ জুলাই প্রথম আলোতে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়। সর্বশেষ সিদ্ধান্ত হয়, আপাতত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষই এই টার্মিনাল পরিচালনা করবে।