অবশেষে চালু হলো কক্সবাজার সদর হাসপাতালের হিমঘর
দীর্ঘ পাঁচ বছর ফেলে রাখার পর ২৫০ শয্যার কক্সবাজার সদর হাসপাতালের হিমঘরটি অবশেষে চালু হলো। গত ২০ জুলাই এটি চালু করা হয়। ২০০৭ সালে এডিবির অর্থায়নে এটি স্থাপন করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হিমঘরটি এত দিন বন্ধ রাখায় মৃত ব্যক্তি ও বেওয়ারিশ লাশগুলো হাসপাতালের মর্গে ফেলে রাখা হতো। এতে দুর্ভোগে পড়ত রোগী, দর্শনার্থী ও পার্শ্ববর্তী কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র উদগ্রিব পাল বলে, হাসপাতালের মর্গটি বিদ্যালয়ের প্রধান ফটকের মাত্র ২০-৩০ গজ দূরে। মর্গে লাশ রাখায় দুর্গন্ধে শিক্ষার্থীদের নাক চেপে ক্লাস করতে হতো। বিদ্যালয়ের পাশের সড়ক দিয়ে চলাচল ছিল কঠিন।সূত্র জানায়, হিমঘরটি চালুর পাঁচ বছরে শুধু এক দিন লাশ সংরক্ষণ করা হয়। ২০১০ সালের ১৫ জুন কক্সবাজারের হিমছড়িতে পাহাড়ধসে নিহত ছয় সেনাসদস্যের লাশ এখানে রাখা হয়। এ ছাড়া আর কোনো দিনই হিমঘরটি খোলা হয়নি।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, হিমঘরের অভাবে লাশ সংরক্ষণ করা যায় না। লাশগুলো তাড়াতাড়ি দাফন করতে হয়। নইলে লাশ পচে দুর্গন্ধ ছড়ায়। এতে তদন্তকাজে ব্যাঘাতও ঘটে।নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক চিকিৎসক ও সেবিকা বলেন, তাঁরা এই হাসপাতালে তিন বছর ধরে চাকরি করছেন। কিন্তু হাসপাতালে কোটি টাকার একটি হিমঘর আছে, তা তাঁদেরও জানা ছিল না। সম্ভবত বাইরের ব্যবসা ঠিক রাখার জন্য হিমঘরটি বন্ধ রাখা হয়েছিল। কক্সবাজার নাগরিক সমাজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, মূল্যবান ও গুরুত্বপূর্ণ এই হিমঘর এত বছর কেন অযত্নে ফেলে রাখা হয়েছিল, তার তদন্ত হওয়া প্রয়োজন।হাসপাতালের তত্ত্বাবধায়ক অজয় ঘোষ প্রথম আলোকে বলেন, ‘আমি গত ১ জুলাই দায়িত্ব নিয়েছি। এরপর বিদ্যুৎ-লাইন মেরামত করে ২০ জুলাই হিমঘরটি চালু করি। শুক্রবার পর্যন্ত এখানে তিনটি লাশ সংরক্ষণ করা হয়েছে। তবে পাঁচ বছর ধরে হিমঘরটি কেন বন্ধ ছিল, তা এই মুহূর্তে বলতে পারছি না।’