অবশেষে চালু হলো বায়োমেট্রিক যন্ত্রটি
রংপুরের বদরগঞ্জ উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের বায়োমেট্রিক যন্ত্রটি গত মঙ্গলবার থেকে আবার চালু করা হয়েছে। ওই দিন থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা হাসপাতালে তাঁদের উপস্থিত হওয়া এবং কর্মস্থল ত্যাগের সময় ওই যন্ত্রে আঙুলের চাপ দিচ্ছেন।
১৫ আগস্ট প্রথম আলোর বিশাল বাংলায় ‘বায়োমেট্রিক যন্ত্র ব্যবহার করেন না চিকিৎসকেরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকদের দৈনন্দিন উপস্থিতি নিশ্চিত করতে ২০১৩ সালের জুনে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ওই যন্ত্রটি দেওয়া হলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কক্ষে তা বসানো হয়। এর সাহায্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাসপাতালের চিকিৎসকদের উপস্থিতি পর্যবেক্ষণ করা হতো। যন্ত্রটি হাসপাতালে বসানোর পর চিকিৎসকেরা কিছুদিন তা ব্যবহার করলেও পরে বন্ধ করে দেন। প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হওয়ার পর যন্ত্রটি আবার চালু করা হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম সরকার।