অবশেষে চালু হলো মহাখালীর জবাইখানা
নির্মাণের ছয় মাস পর মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পশু জবাইখানাটি চালু করা হয়েছে। সোমবার এর উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম।
জবাইখানাটি নিয়ে ১৭ নভেম্বর ‘নির্মাণের ৬ মাস পরও চালু হয়নি পশু জবাইখানা’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রথম দিকে জবাইখানাতে পানি ও বিদ্যুতের সংযোগ না পাওয়ায় চালু করা যায়নি। পরে এটি উদ্বোধনের প্রক্রিয়াটি আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যায়। ডিএনসিসি জানিয়েছে, আধুনিক এ জবাইখানায় প্রতিদিন ছোট-বড় প্রায় ৩০০ পশু জবাই করা সম্ভব হবে। ডিএনসিসির উদ্যোগে ইসলামিক রিলিফ ইউএসএর অর্থায়নে ও ইসলামিক রিলিফ বাংলাদেশের সহায়তায় জবাইখানাটি নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিক বিন ইউসুফ, স্বাস্থ্য কর্মকর্তা ইমদাদুল হক, ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাবেল ফিরোজ প্রমুখ।