অবশেষে চিঠি এসেছে চাকরিতে ইস্তফা দিলেন মাদ্রাসার সুপার
অবশেষে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা থেকে ডাকযোগে পাঠানো রেজিস্ট্রি করা সেই চিঠি দিনাজপুরের বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে এসে পৌঁছেছে। এদিকে গত ২৬ নভেম্বর বিরামপুরের কাটলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার খাজের উদ্দিন চাকরিতে ইস্তফা দিয়েছেন।ওই মাদ্রাসার সহসুপার জানান, শারীরিক ও মানসিক সমস্যার কথা উল্লেখ করে খাজের উদ্দিন তাঁকে দায়িত্ব দিয়ে চলে গেছেন।গত ৪ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘জাল সনদে ২৭ বছর ধরে চাকরি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। দিনাজপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বিষয়ে বিরামপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডেও সনদটি যাচাইয়ের জন্য পাঠান। গত ৩০ সেপ্টেম্বর বিরামপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে খাজের উদ্দিনের সনদ যাচাইয়ের জন্য দেওয়ানগঞ্জ কামিল (এমএ) মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে একটি চিঠি পাঠানো হয়।গত ৯ অক্টোবর মাদ্রাসা কর্তৃপক্ষ যাচাইয়ের পর একটি ফিরতি চিঠি ডাকযোগে রেজিস্ট্রি করে পাঠায়। কিন্তু গত ২৭ নভেম্বর পর্যন্ত সেই চিঠি বিরামপুর মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে পৌঁছায়নি। এ নিয়ে গত ২৮ নভেম্বর প্রথম আলোয় ‘চিঠিটি দেড় মাসেও পৌঁছায়নি’ শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়।এরপর মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে জানানো হয়, দেওয়ানগঞ্জ মাদ্রাসা থেকে পাঠানো চিঠিটি পাওয়া গেছে। এর আগে গত ৪ নভেম্বর মাদ্রাসা বোর্ড থেকে সনদটি যাচাইয়ের প্রতিবেদনও এসেছে। উভয় প্রতিবেদনে খাজের উদ্দিনের সনদটি ভুয়া বলে উল্লেখ করা হয়েছে।বিরামপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিন্নাহ জানান, এখন খাজের উদ্দিন জাল সনদের মাধ্যমে চাকরি নিয়ে যে বেতন উত্তোলন করেছেন, সেগুলো সরকারি কোষাগারে ফেরত নেওয়ার ব্যবস্থাসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি সভাপতি আজবুল ইসলাম সুপারের সনদটি সঠিক বলে মিথ্যা হলফ দেওয়ায় তাঁর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।