অবশেষে ছাড়া পেলেন সেলিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সেলিম হোসেনকে (২৫) ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালের চেয়ারম্যানের নির্দেশে বিল ছাড়াই গতকাল শনিবার তাঁকে ছেড়ে দেওয়া হয়।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সেলিম মুঠোফোনে বলেন, ‘মামা আমারে ছাইড়া দিছে, বাড়ি যাইতাছি। প্রথম আলোর কথা আমি সারা জীবন মনে রাখব।’
সাভারের বাহেরচর এলাকা থেকে ৭ জুন সন্ধ্যায় রাজধানীর মুগদায় নিজের বাসায় যাওয়ার জন্য হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী একটি বাসে ওঠেন সেলিম। আমিনবাজার যাওয়ার পর বাসটি বিকল হয়ে গেলে একটি টেম্পোতে করে তিনি রাজধানীর গাবতলী যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর একটি বস্তু এসে গাড়িতে পড়লে প্রচণ্ড শব্দের পর আগুন ধরে যায়। এতে শরীরের ৩০ ভাগ ঝলসে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করেন।
সেলিম জানান, ভর্তির পর হাসপাতাল কর্তৃপক্ষই তাঁর চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করেছে। কিন্তু মোটামুটি সুস্থ হওয়ার পরও বিল পরিশোধ করতে না পারায় তাঁকে ছাড়া হচ্ছিল না। সপ্তাহ খানেক ধরে হাসপাতাল থেকে তাঁকে খাবার ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। হাসপাতাল সূত্র জানায়, সেলিমের কাছে ওষুধ বাবদ পাওনা হয়েছিল প্রায় সাত হাজার টাকা। এ ছাড়া অস্ত্রোপচার ও সার্জন ফিসহ অন্যান্য বিল বাবদ পাওনা হয়েছে ৫০ হাজার টাকা। এর মধ্যে সেলিম পরিশোধ করতে পেরেছিলেন মাত্র সাড়ে তিন হাজার টাকা।
গতকাল শনিবার প্রথম আলোতে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর অনেকে সেলিমকে ছাড়াতে আর্থিক সহায়তার হাত বাড়ান। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বিল নেওয়া ছাড়াই তাঁকে ছেড়ে দেয়। হাসপাতালের পরিচালক (জনসংযোগ) জাহিদুর বলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাংসদ এনামুরের নির্দেশে তাঁকে ছেড়ে দেওয়া হয়।