অবশেষে ছাড়া পেলেন মেয়র বুলবুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুলবুল
বুলবুল

জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর ছয় দিন পর ছাড়া পেলেন রাজশাহী সিটি করপোরেশন বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। আজ বুধবার বিকেল চারটার দিকে রাজশাহী কারাগার থেকে ছাড়া পান বিএনপি-সমর্থিত এই সিটি মেয়র। এর আগে গত ২৬ মে তাঁর জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়।

কারা কর্তৃপক্ষ জানায়, জামিন আদেশের বিরুদ্ধে একটি ‘মিসড কেস’ হয়েছিল। আজ বুধবার তার শুনানি হয়েছে। আদালত এর পরিপ্রেক্ষিতে কোনো আদেশ দেননি। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

মোসাদ্দেক হোসেনের আইনজীবী রইসুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত ১৩ মার্চ মোসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহীর আদালতে আত্মসমর্পণ করেন। তখন তাঁর নামে নয়টি মামলা ছিল। আত্মসমর্পণের পরে রাজশাহীর আদালত থেকে সাতটি মামলায় তিনি জামিন পান। রাজশাহীর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের বাসায় বোমা হামলা ও নগরের কাদিরগঞ্জে নাশকতার মামলায় হাইকোর্ট থেকে জামির নেওয়া হয়েছে। গত ২৪ মে হাইকোর্ট থেকে এ দুটি মামলার জামিন হওয়ার পর কাগজপত্র আদালতের মাধ্যমে ২৬ মে বিকেল চারটার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। সেখানে আগে থেকেই দলের নেতা-কর্মী ও পরিবারের লোকজন অপেক্ষা করছিলেন। কিন্তু কারা কর্তৃপক্ষ তাঁদের জানিয়ে দেন যে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তাঁকে না ছাড়ার জন্য একটি ফ্যাক্স বার্তা এসেছে। 

জানতে চাইলে সেদিন রাজশাহী জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেছিলেন, ২৬ মে সকাল ১০টার দিকে তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে একটি ফ্যাক্স পেয়েছেন। তাতে বলা হয়েছে, মোসাদ্দেক হোসেনের জামিন আদেশ স্থগিত করার জন্য একটি ‘ক্রিমিনাল মিসড কেস’ দায়ের করা হয়েছে। রোববার তার শুনানির দিন ধার্য করা হয়েছে। শুনানি শেষে মিসড কেস খারিজ হয়ে গেলে তাঁকে ছেড়ে দেওয়া হবে।
আজ বুধবার মোসাদ্দেক হোসেনের আইনজীবী বলেন, গত রোববার শুনানি হওয়ার কথা থাকলেও সেদিন শুনানি হয়নি। আজ শুনানি হয়েছে। শুনানি শেষে আদালত ‘নো অর্ডার’ লিখেছেন—এমন একটি কাগজ ফ্যাক্সযোগে কারাগারে আসে। এরপর বিকেল চারটার দিকে মোসাদ্দেক হোসেনকে ছেড়ে দেওয়া হয়।