অবশেষে ছেলেটি ফিরল মায়ের বুকে
পথহারা ১২ বছর বয়সের বাক্প্রতিবন্ধী (বোবা) কিশোর ছেলেটি ২৮ দিন পর মায়ের বুকে ফিরে গেছে। গত বৃহস্পতিবার ছেলেটির মা ও গ্রামের প্রতিবেশীরা প্রথম আলো পত্রিকা সূত্রে ছেলেটির খোঁজ পেয়ে দুপচাঁচিয়া থানায় যোগাযোগ করেন। পরে আদালতের মাধ্যমে ওই দিন সন্ধ্যায় ছেলেটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
নাটোরের নলডাঙ্গার বাঁশিলা গ্রামের ছাবেদ আলী ও আনো বেগমের সন্তান ওই ছেলেটি। তার নাম কাউছার আলী।
দুপচাঁচিয়া থানায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় কথা হয় কাউছারের ছেলের গ্রামের সম্পর্কিত চাচা বাবলু প্রামাণিকের সঙ্গে। তিনি বলেন, ছেলেটির বাবা ছাবেদ আলীও মানষিক প্রতিবন্ধী। মা অন্যের কাছ থেকে চেয়েচিন্তে সংসার চালান। কাউছার গত ৭ অক্টোবর হারিয়ে যায়। এরপর গ্রামের লোকজন চাঁদা তুলে আশপাশের বিভিন্ন গ্রামগঞ্জে মাইকিং করেন। গত ৩ নভেম্বর সকালে সিংড়া বাজারে মাইকিংয়ের সময় এক কাপড়ের দোকানদার ১ নভেম্বরের প্রথম আলো পত্রিকাটি দেখান। পত্রিকার ছবি দেখেই ওর মাকে নিয়ে আসেন দুপচাঁচিয়া থানায়। পরে আদালতের বিজ্ঞ বিচারক ছেলেটিকে মায়ের কাছে ফিরিয়ে দেন।