১২ দিন হাজতবাসের পর আদালতের নির্দেশে জামিনে মুক্তি পেলেন টঙ্গী মডেল থানা পুলিশের মাদক মামলায় গ্রেপ্তার হওয়া পোশাকশ্রমিক মো. সোহরাব। গতকাল সোমবার দুপুরে গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নির্মলেন্দু দাস শুনানি শেষে সোহরাবকে অস্থায়ী জামিন দেন। সন্ধ্যায় গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান সোহরাব।সোহরাবের গ্রেপ্তার নিয়ে ৩ আগস্ট প্রথম আলোয় ‘একজন পোশাকশ্রমিক ও পুলিশ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। গতকাল ওই প্রতিবেদনসহ প্রকৃত ঘটনা আদালতের কাছে উপস্থাপন করেন আইনজীবী মো. আসাদুল্লাহ বাদল। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) গাজীপুর জেলার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষে শ্রমিকদের বিনা মূল্যে আইনি সহায়তা দিয়ে থাকেন।প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছিল, গত ২৩ জুলাই টঙ্গী বাজারের পথিক সিএনজি স্টেশনের সামনে থেকে সোহরাবকে ধরিয়ে দেন পুলিশের তথ্যদাতা (সোর্স) জাবেদ। পরে পুলিশ দাবি করে, সোহরাব মাদক ব্যবসায়ী। তাঁর কাছে ২০টি গাজার স্টিক (গাজাভর্তি ২০টি সিগারেট) পাওয়া গেছে। সোহরাবের পরিবারের অভিযোগ, ছিনতাই চক্রের সদস্যরা ১০ হাজার টাকা না পেয়ে সোহরাবকে ধরিয়ে দেয়। পরে সোহরাবকে মুক্তি দেওয়ার অনুরোধ জানালে টঙ্গী মডেল থানার দুই উপপরিদর্শক (এসআই) দুই লাখ টাকা দাবি করেন। ওই টাকা দিতে না পারায় সোহরাবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ২৪ জুলাই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।সোহরাবের গ্রেপ্তার নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর তাঁর জামিনের আবেদন করেন আইনজীবী আসাদুল্লাহ। গতকাল শুনানিতে আসাদুল্লাহ জানান, পুলিশ সোহরাবকে আটক দেখিয়ে মামলার এজাহারে উল্লেখ করেছে, তিনি পেশাদার মাদক ব্যবসায়ী। অথচ সোহরাব ২০০৮ সাল থেকে গাজীপুরের বড়বাড়ী এলাকার রাবাব ফ্যাশন লিমিটেডে সুইং অপারেটর হিসেবে কাজ করছেন। কারখানায় দীর্ঘদিন তিনি কোনো ঐচ্ছিক ছুটি ভোগ করেননি। গত জুন মাস সংঘর্ষের সময় পুলিশের গুলিতে আহত হন সোহরাব। এর পর কারখানা কর্তৃপক্ষ সোহরাবের অতীতের সব ছুটি মঞ্জুর করে। ফলে ছুটিতে থেকেও তিনি বেতন পাচ্ছেন এবং চিকিৎসা করাচ্ছেন।আসাদুল্লাহ বলেন, পুলিশ সোহরাবের বিরুদ্ধে ত্রুটিপূর্ণ জব্দ তালিকা (গাঁজা) আদালতে উপস্থাপন করেছে। নিয়ম হলো জব্দ তালিকা ঘটনাস্থলে লিখে সাক্ষীর স্বাক্ষর নেওয়া। কিন্তু জব্দ তালিকার নিচের দিকে লক্ষ করা গেছে, স্বাক্ষরের ঠিক ওপরের অংশে এক লাইনের ওপর আরেক লাইন লেখা হয়েছে। একটি লাইন কাগজের ডান দিক থেকেই শুরু করা হয়েছে। এতে স্পষ্ট বোঝা যায়, পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় এনে ইচ্ছা অনুযায়ী জব্দ তালিকা তৈরি করেছে। ঘটনাস্থল থেকে একটি সাদা কাগজে দুই ব্যক্তির স্বাক্ষর এনেছে। লেখার সময় স্থান সংকুলান না হওয়ায় এভাবে ওভাররাইটিং করা হয়েছে। পরিবারে আনন্দ: ঈদের আগেই সোহরাব মুক্তি পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। সোহরাবের মা হারিছা বেগম, বোন রুমা প্রথম আলো ও আইনজীবী আসাদুল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।রুমা বলেন, ‘পুলিশ আমার অসুস্থ নির্দোষ ভাইকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছিল। মিথ্যা মামলায় ১২ দিন হাজতে থাকায় আমার ভাই আরও অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর উন্নত চিকিৎসার দরকার।’