অবশেষে জামিনে মুক্তি পেলেন রফিকুল
তাঁর দোষ ছিল নামের। এক আসামির নামের সঙ্গে মিল থাকায় বিনা দোষে সাত দিন কারাবাস করলেন রফিকুল ইসলাম (৩৫)। অবশেষে আজ রোববার টাঙ্গাইলের সখীপুরের আমলি আদালতে আবেদন করলে বিচারক রুকন কান্তি দাস রফিকুলকে জামিনে মুক্তি দেন।
জামিনের খবর পেয়ে রফিকুলের স্ত্রী নাজমা বেগম বলেন, ‘পুলিশ বারবার ভুল করে আমার স্বামীকে জেলে পাঠিয়েছে। আমি দায়ী পুলিশের বিচার দাবি করছি।’
টাঙ্গাইলের মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক আতাউর রহমান আজাদ এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। সে ক্ষেত্রে দায়ী পুলিশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
শুধু গ্রাম ও নামের মিল দেখে গত রোববার (১৪ মে) দুপুরে পুলিশ ওই দিনমজুরকে ধরে সখীপুর থানায় এক রাত রেখে দেয়। এরপর গত সোমবার সকালে তাঁকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
দুই বছর আগে ২০১৫ সালের ১৪ মে রাতে রফিকুলকে এই মামলাতে একই রকম ভুল করে ধরে পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। ওই সময় তিন রাত কারাবাস করেন রফিকুল। এরপর মামলার বাদী আদালতে হাজির হয়ে ভুল শনাক্ত করলে তিনি ছাড়া পান।
গত শুক্রবার প্রথম আলো অনলাইনে ‘নামের মিল থাকায় দিনমজুর কারাগারে’ শিরোনামে খবর প্রকাশিত হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৩ সেপ্টেম্বর ক্যারম খেলা নিয়ে উপজেলার চতলবাইদ গ্রামের ভাতকুঁড়াপাড়া এলাকার প্রবাসী আবদুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (২৫) দলবল নিয়ে ওই গ্রামের খাইরুলের ওপর হামলা করে। এ ঘটনায় পরদিন খাইরুলের মামা সাইজুদ্দিন বাদী হয়ে রফিকুলসহ আরও দুজনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন। একপর্যায়ে মূল আসামি রফিকুল সিঙ্গাপুর চলে যান। মামলায় আদালতে হাজির না হওয়ায় রফিকুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
ওই পরোয়ানা থাকায় রোববার দুপুরে পুলিশ আসল আসামিকে গ্রেপ্তার না করে শুধু নামের মিলের কারণে এক কিলোমিটার দূরের দিনমজুর রফিকুলকে গ্রেপ্তার করে। প্রকৃত আসামির বাবার নাম আবদুর রশিদ। আর ভুল করে গ্রেপ্তার করা রফিকুলের বাবার নাম মৃত ঠান্ডু মিয়া। বাড়ি চতলবাইদের ভূঁইয়াপাড়ায়। প্রকৃত আসামি যিনি, তাঁর নাম রফিকুল হলেও বাবার নাম আবদুর রশিদ, বাড়ি চতলবাইদের ভাতকুঁড়াপাড়ায়।
মামলার বাদী সাইজুদ্দিন বলেন, ‘পুলিশ আমার এই মামলায় দুই বছর আগেও একই রকম ভুল করে এই রফিকুলকেই জেল খাটায়। পরে আমি আদালতে গিয়ে এই রফিকুল আমার মামলার আসামি নয় বলে শনাক্ত করি। শুনেছি, প্রকৃত আসামি রফিকুল ও আসামির বাবা আবদুর রশিদ বর্তমানে সিঙ্গাপুর আছেন।’ তাঁর অভিযোগ, ‘চার মাস আগেও ওই রফিকুল দুই মাসের ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন। অথচ তখন পুলিশ তাঁকে ধরেনি। আমি চাই প্রকৃত আসামি রফিকুল শাস্তি পাক।’
টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম রফিকুল ইসলামকে কার্যালয়ে ডেকে ২০ হাজার টাকা সহায়তা দেন বলে জানা গেছে।
আরও পড়ুন...
নামের মিল থাকায় দিনমজুর কারাগারে