অবশেষে জেএসসি পরীক্ষা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের কারণে পাঁচ দিন পেছানোর পর আজ শুক্রবার ছুটির দিনে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।
জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরুর কথা ছিল ২ নভেম্বর। কিন্তু একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে ৩০ অক্টোবর এবং ২ ও ৩ নভেম্বর হরতাল ডাকে জামায়াতে ইসলামী। ফলে ২ ও ৩ নভেম্বরের পরীক্ষা পিছিয়ে নেওয়া হয়।
একই কারণে দলটির আরও দুই নেতার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে ৫ ও ৬ নভেম্বরও হরতাল ডাকে জামায়াত। এ কারণে এই দুই দিনের পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়। ফলে আজ ছুটির দিনেই পরীক্ষা নেওয়া হচ্ছে। ২ নভেম্বরের পরীক্ষাটি হচ্ছে আজ।
এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী প্রায় ২১ লাখ।
এদিকে টানা হরতালের ক্ষতি পুষিয়ে নিতে আজ শুক্র ও আগামীকাল শনিবার সরকারি সাপ্তাহিক ছুটির দিনেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা হবে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুআরা বেগম প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার তাঁদের বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষা হবে। এ ছাড়া শনিবার ছুটির দিনেও ক্লাস নেওয়া হবে। হরতালের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি।
জেএসসির পর ২৩ নভেম্বর শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা।