অবশেষে ঝুলন্ত তারহীন মতিঝিল, সংযোগ নিয়ে শঙ্কা
সরকারের বেঁধে দেওয়া সময়ের বেশ কয়েক মাস পর ঝুলন্ত তারমুক্ত হলো মতিঝিল। মাথার ওপর বিভিন্ন খুঁটিতে বাঁধা বা ভবনগুলোকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা দৃষ্টিকটু তারের কুণ্ডলী খুলে নামিয়ে দেওয়া হয়েছে মাটির নিচে। তবে তার অপসারণ অভিযানের কারণে রাজধানীর ঐতিহ্যবাহী এই বাণিজ্যিক এলাকায় ইন্টারনেট যোগাযোগে সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন ইন্টারনেট সংযোগ ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আনোয়ার হোসেনের উপস্থিতিতে মতিঝিল এলাকায় ঝুলন্ত তার কাটা শুরু হয়। মতিঝিল এলাকায় বিপুলসংখ্যক সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগে কোনো রকম বিঘ্ন ঘটবে না—এমন আশ্বাস দিতে পারেনি ভূগর্ভস্থ নেটওয়ার্ক প্রস্তুতকারী ন্যাশনাল টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) কোম্পানি দুটি। তবে আজ শনিবারের মধ্যে ভূগর্ভস্থ বিতরণ লাইনের মাধ্যমে বিচ্ছিন্ন সংযোগগুলো আবার যুক্ত করে ফেলতে পারবেন বলে উপসচিবের সামনে দাবি করেন ফাইবার অ্যাট হোমের ব্যবস্থাপনা পরিচালক মইনুল হক সিদ্দিকী। অন্যদিকে সামিটের দাবি, মতিঝিল এলাকায় তাদের অবকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ। এদিকে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আখতারুজ্জামান মঞ্জু প্রথম আলোকে বলেন, ‘এনটিটিএন প্রতিষ্ঠান দুটি দাবি করেছে, শনিবারের মধ্যে তাদের কাজ শেষ করতে পারবে। তারা নির্দিষ্ট সময়ের মধ্যে বিচ্ছিন্ন সংযোগ চালু করতে না পারলে মতিঝিল এলাকায় ব্যবসায়িক ও অর্থনৈতিক ধস নামার আশঙ্কা রয়েছে।’সরকারের নির্দেশ অনুযায়ী উত্তরা থেকে শাহবাগ পর্যন্ত তার নামানোর সময় ছিল গত বছরের ৩০ সেপ্টেম্বর এবং উত্তরা-মতিঝিল-গুলশান (মতিঝিল হয়ে) এবং শাহবাগ-মতিঝিল রুটে ৩১ অক্টোবর। সব প্রধান সড়ক ঝুলন্ত তারহীন করার শেষ সময় ছিল ৩০ নভেম্বর। রাস্তার পাশে ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের ঝুলন্ত তার ভূগর্ভস্থ বিতরণ লাইনব্যবস্থার আওতায় আনার বিষয়ে গত মার্চে নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার।পথচারীদের কয়েকজন মতিঝিল এলাকা তারমুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, বাণিজ্যিক এলাকার এই পরিচ্ছন্ন চেহারা যাতে বজায় থাকে, সে জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সতর্ক নজরদারি দরকার।এর আগে গত বৃহস্পতিবার মগবাজার ও মৌচাক এলাকা তারমুক্ত করা হয়েছে।