অবশেষে টঙ্গীতে গ্রাহকদের বিদ্যুৎ বিলে সমন্বয়
গাজীপুরের টঙ্গীতে অবশেষে নড়েচড়ে বসেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। বিদ্যুৎ বিল হিসেবে গ্রাহকদের কাছ থেকে সেপ্টেম্বরে আদায় করা অতিরিক্ত অর্থ অক্টোবর মাসের বিলের সঙ্গে সমন্বয় করা হয়েছে। টঙ্গীর বিভিন্ন এলাকার গ্রাহকদের গত আগস্ট মাসের বিলে অতিরিক্ত পাঁচ দিনের হিসাব যোগ করা হয়েছিল। এতে অনেকের বিলের ধাপ বেড়ে যাওয়ায় অতিরিক্ত অর্থ গুনতে হয়। এ নিয়ে গত ৭ অক্টোবর প্রথম আলোয় ‘ডেসকোর মাস কয় দিনে? গাফিলতি কর্তৃপক্ষের ক্ষতি গ্রাহকদের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর টনক নড়ে ডেসকো কর্তৃপক্ষের। স্থানীয় গ্রাহক ও ডেসকো সূত্রে জানা গেছে, অক্টোবর মাসের বিদ্যুৎ বিলের সঙ্গে সেপ্টেম্বর মাসের বিলের সমন্বয় করেছে ডেসকো। এতে করে অক্টোবর মাসে বিল কম এসেছে। টঙ্গীর সাতাইশ তিলারগাতি এলাকার গ্রাহক মো. মনির উদ্দিন জানান, অক্টোবর মাসে তাঁর বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ দাঁড়ায় ৫০৬ ইউনিট। ডেসকোর নিয়ম অনুযায়ী, বিদ্যুতের ব্যবহার ৪০০ ইউনিটের বেশি হলে প্রতি ইউনিটের জন্য সাত টাকা ৮৯ পয়সা পরিশোধ করতে হয়। এই হিসাবে তাঁর তিন হাজার ৯৯৩ টাকা বিল হওয়ার কথা। কিন্তু আগের মাসের অতিরিক্ত বিলের সঙ্গে সমন্বয় করে তাঁকে দুই হাজার ৫৯৬ টাকার বিল দিয়েছে ডেসকো। এলাকার আরও কয়েকজন গ্রাহক সেপ্টেম্বরের সঙ্গে অক্টোবরের বিদ্যুৎ বিল সমন্বয়ের কথা জানিয়েছেন। ডেসকোর টঙ্গী পশ্চিম জোনের ব্যবস্থাপক মো. গোলাম রব্বানী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব ও পশ্চিম জোনের যেসব গ্রাহকের সমস্যা ছিল, তাদের সবার বিদ্যুৎ বিল সমন্বয় করা হয়েছে।