অবশেষে টাকা ছাড়াই প্রবেশপত্র পেল পরীক্ষার্থীরা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আড়াইসিধা কে বি উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা অবশেষে কেন্দ্র পরিচালনার নামে অতিরিক্ত ৫০০ টাকা পরিশোধ না করেই তাদের প্রবেশপত্র বুঝে পেয়েছে। গতকাল সোমবার বিকেলের মধ্যে প্রায় সব শিক্ষার্থীকে প্রবেশপত্র দেওয়া হয়। এদিকে প্রবেশপত্র আটকে কেন্দ্র পরিচালনার নামে ৫০০ টাকা আদায় করার পরীক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগটির বিষয়ে গতকাল সোমবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশুগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেগম নিলুফার জাহান তদন্ত কমিটির প্রধান। গতকাল তিনি তদন্ত শেষে প্রতিবেদন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিয়েছেন।জানতে চাইলে আশুগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেগম নিলুফার জাহান প্রথম আলোকে বলেন, তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রবেশপত্র আটকে কেন্দ্র পরিচালনার নামে অতিরিক্ত টাকা আদায় করার বিষয়টি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে আজ প্রায় সব শিক্ষার্থী কোনো টাকা না দিয়ে তাদের প্রবেশপত্র বুঝে পেয়েছে। কারও কারও কাছ থেকে গ্রহণ করা টাকা ফেরতও দেওয়া হয়েছে।অভিযোগ বিষয়ে জানতে মুঠোফোনে কথা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ উদ্দিনের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ‘বিদ্যালয়ের কাজে আজ (সোমবার) আমাকে কুমিল্লা শিক্ষা বোর্ডে চলে আসতে হয়েছে। শুনেছি ঘটনার তদন্ত হয়েছে। তবে আমি বলব, পুরো বিষয়টি ষড়যন্ত্র।’