অবশেষে টানানো হলো শামিয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেরা মঞ্চে আরামে বসে শিশুদের কাঠফাটা রোদে বসিয়ে বক্তৃতা শোনানোর পর গতকাল মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার বক্তৃতা মঞ্চের সামনে বসার জায়গার ওপর ছোট্ট করে শামিয়ানা টানিয়ে দেওয়া হয়েছে।গতকাল শুক্রবার সকালে মেলাস্থলে গিয়ে দেখা যায়, দু-চারটি ছাড়া মেলার স্টলগুলো ফাঁকা পড়ে রয়েছে। দর্শনার্থীও নেই। অনুষ্ঠান মঞ্চের সামনে লাল রঙের চেয়ারগুলোর ওপরে অল্প জায়গায় কয়েকটি বাঁশের খুঁটিতে দায়সারা শামিয়ানা টানিয়ে দিয়েছে মেলা কর্তৃপক্ষ।মাগুরা জেলা প্রশাসন স্থানীয় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে গত বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করে। মেলা উপলক্ষে কলেজ চত্বরে বড় ফাঁকা মাঠের এক পাশে কয়েকটি স্টল ও মাঠের এক প্রান্তে মঞ্চ তৈরি করা হয়। মঞ্চের সামনে আমন্ত্রিত ব্যক্তিদের বসার জন্য দুই শতাধিক চেয়ার রাখা হলেও কাঠফাটা রোদে চেয়ারের ওপর কোনো সামিয়ানা দেওয়া হয়নি।বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানে ডেকে আনা শিশুদের প্রখর রোদে খোলা আকাশের নিচে বসিয়ে আয়োজকরা মঞ্চে আরাম করে বসে বক্তৃতা করছিলেন। ঘেমে একাকার শিশুরা অনেক কষ্ট করে তাঁদের ওই বক্তৃতা শুনছিলেন।