অবশেষে ঠিকাদারের তত্ত্বাবধায়ককে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে মুন্সিগঞ্জে অপহরণকারীদের হাত থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক মাসুমকে (২৬) উদ্ধার করেছে পুলিশ।
গত বুধবার গভীর রাতে টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের একটি আলুর জমি থেকে তাঁকে উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান আলদীবাজার সড়কের সংস্কারকাজের ঠিকাদার প্রতিষ্ঠান লিসা এন্টারপ্রাইজের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় এর আগে কয়েক দফা তিনি কাজ বন্ধ করে দেন।
সর্বশেষ গত বুধবার দুপুরে ঠিকাদার আল আমিন ও কাজের তত্ত্বাবধায়ক মাসুমকে অপহরণ করে পাশের একটি বাড়িতে আটকে রাখেন। কিছুক্ষণ পর আল আমিনকে ছেড়ে দিলেও মাসুমকে টাকা দেওয়ার পরে ছাড়া হবে বলে তাঁকে অন্যত্র তুলে নিয়ে যান।
পুলিশ জানায়, অপরহরণের ঘটনায় বুধবার রাতে আল আমিন বাদী হয়ে ছাত্রলীগ নেতা মেহেদী হাসানকে আসামি করে টঙ্গিবাড়ী থানায় মামলা করেন। এদিকে পুলিশ অপহূত মাসুমকে উদ্ধারের জন্য মেহেদীর মাকে আটক করেছিল। রাতে মাসুমকে উদ্ধারের পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের আলদীবাজার সড়কটি সড়ক ও জনপথের ৩৭ লাখ টাকার অর্থায়নে সংস্কারকাজ করে আসছিল লিসা এন্টারপ্রাইজ। লিসা এন্টারপ্রাইজের বিপরীতে কাজটি করছিলেন ঢাকার কল্যাণপুরের বাসিন্দা আনিসুর রহমান ও আল আমিন নামের দুই ঠিকাদার।
আল আমিন বলেন, মেহেদীর বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।