অবশেষে তথ্য দিতে রাজি দুই প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে প্রথম আলোকে তথ্য দিতে রাজি হয়েছে ঢাকা জেলা পরিষদ ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)। গতকাল রোববার তথ্য কমিশনের শুনানিতে অংশ নিয়ে তথ্য দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রতিষ্ঠান দুটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
বিভিন্ন উন্নয় প্রকল্পের তথ্য চেয়ে ঢাকা জেলা পরিষদে আবেদন করা হয় গত জুলাই মাসে। ছয় মাস পার হয়ে গেলেও তথ্য সরবরাহ করা হয়নি। নির্দিষ্ট সময়ে তথ্য না পেয়ে প্রথম আলোর পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় তথ্য কমিশনে। ওই পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের উপস্থিতিতে গতকাল রোববার কমিশনে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহাম্মেদ এবং আইনজীবী নূরে আলম শুনানিতে অংশ নিয়ে আংশিক তথ্য দেওয়ার অনুমতি প্রার্থনা করেন। কিন্তু কমিশন তাঁদের আবেদন মঞ্জুর না করে আগামী ২০ কর্মদিবসের মধ্যে পুরো তথ্য দিতে নির্দেশ দেন। এ অবস্থায় তাঁরা ওই সময়ের মধ্যে তথ্য দিতে রাজি হন।
এদিকে বিএলআরআইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছেও বিভিন্ন প্রকল্পের ব্যয়ের হিসাবসহ গবেষণা বিষয়ে তথ্য চেয়ে আবেদন করা হয়েছিল গত জুলাই মাসে। নির্দিষ্ট সময়ে তথ্য না পেয়ে প্রতিষ্ঠানের মহাপরিচালকের কাছে আপিল করার পর আংশিক তথ্য সরবরাহ করা হয়। চাহিদামতো তথ্য না পেয়ে প্রথম আলোর পক্ষ থেকে অভিযোগ করা হয় তথ্য কমিশনে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল কমিশনে শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে অংশ নিয়ে প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম তথ্য অধিকার আইনের ৭(ত) ধারা অনুযায়ী সব তথ্য দেননি বলে কমিশনকে জানান। গবেষণালব্ধ ফলাফল ছাড়া হিসাবসংক্রান্ত তথ্য সরবরাহ ৭(ত) ধারার লঙ্ঘন নয় বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়। এর পরেও নানা যুক্তি উপস্থাপন করে তথ্য প্রদান থেকে বিরত থাকার চেষ্টা করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
এ সময় প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক বলেন, সারা দুনিয়া আজ জবাবদিহি আর সুশাসনের পেছনে ছুটছে। তাই তথ্য লুকানোর কোনো কারণ নেই। তিনি গবেষণালব্ধ ফলাফল ছাড়া চাহিদামতো সব তথ্য দেওয়ার নির্দেশ দেন।
শুনানি শেষে কমিশনার নেপাল চন্দ্র সরকার ১০ ফেব্রুয়ারির মধ্যে তথ্য সরবরাহ করতে রায় দেন। অন্যথায় যাঁরা তথ্য দেবেন না, তাঁদের কমিশনে তলব করা হবে বলেও জানান।