অবশেষে তথ্য দিতে রাজি বিএলআরআই কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে তথ্য দিতে রাজি হয়েছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) কর্তৃপক্ষ। তথ্য কমিশনের সমন পাওয়ার পর গতকাল মঙ্গলবার শুনানিতে অংশ নিয়ে প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম ১২ ফেব্রুয়ারির মধ্যে তথ্য প্রদানের প্রতিশ্রুতি দেন।

বিএলআরআইয়ে চলমান প্রকল্পগুলোর নাম ও মেয়াদকাল, বরাদ্দ ও খরচের হিসাব, অর্থ ব্যয় করার ক্ষেত্রে কোনো দরপত্র আহ্বান করা হয়ে থাকলে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, ঠিকাদারি প্রতিষ্ঠান ও মালিকের নাম, ঠিকানাসহ এআরএমপি-২ প্রকল্পের আওতায় যেসব যন্ত্রপাতি ক্রয় ও অবকাঠামো নির্মাণ করা হয়েছিল, সেই সব যন্ত্রপাতি, অবকাঠামো এবং প্রকল্পের বর্তমান অবস্থা ও বরাদ্দ এবং খরচের হিসাব জানতে চেয়ে গত ৫ আগস্ট প্রথম আলোর এই প্রতিবেদকের পক্ষ থেকে প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে তথ্য অধিকার আইনে আবেদন করা হয়।

নানা বাগিবতণ্ডা ও যুক্তিতর্কের পরে আবেদন গ্রহণ করা হলেও নির্দিষ্ট সময়ে তারা তথ্য দেয়নি। তথ্য না পেয়ে নিয়ম অনুযায়ী ২৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের মহাপরিচালকের কাছে আপিল করা হয়। গড়িমসির পর আপিল আবেদন গ্রহণ করলেও কর্তৃপক্ষ তথ্য সরবরাহের কোনো ব্যবস্থা নেয়নি। এরপর ৩১ ডিসেম্বর তথ্য কমিশনে অভিযোগ করা হয়। অভিযোগ দায়েরের পর প্রথম আলোর এ প্রতিবেদক ও বিএলআরআই কর্তৃপক্ষকে শুনানিতে হাজির হওয়ার জন্য গতকাল তথ্য কমিশনে তলব করা হয়।

বেলা দেড়টার দিকে কমিশনে অনুষ্ঠিত শুনানিতে অংশ নিয়ে বিএলআরআইয়ের তথ্য কর্মকর্তা শাহ আলম বলেন, প্রতিষ্ঠানের মহাপরিচালক মো. নজরুল ইসলাম গতকালই তাঁকে তথ্য সরবরাহের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন। তাই এ বিষয়ে তাঁর তেমন কোনো ধারণা নেই।

এ সময় প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক, তথ্য কমিশনার এম এ তাহেরসহ কমিশনের অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

এম এ তাহের বলেন, তথ্য অধিকার আইন (২০০৯ সালের ৬ এপ্রিল গেজেট প্রকাশিত হয়েছে) কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে তথ্য সরবরাহের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা। বিএলআরআই কর্তৃপক্ষ এ বিধান না মানায় কমিশন স্বপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে ব্যবস্থা নিতে পারত। কিন্তু দেরিতে হলেও কর্মকর্তা নিয়োগ দেওয়ায় কমিশনের পক্ষ থেকে সে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবকে জানানো হবে।

শুনানি শেষে কমিশন আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে আবেদনকারীকে চাহিদামতো সব তথ্য সরবরাহের নির্দেশ দেয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম তথ্য দেওয়ার প্রতিশ্রুতি দেন।