অবশেষে তিনি বেতন পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ দ্বিমুখী দাখিল মাদ্রাসার গণিত বিষয়ের সহকারী শিক্ষক আনিছুল হকের নাম অবশেষে এমপিও শিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে গতকাল সোমবার তিনি গত ২৭ মাসের বকেয়া বেতন-ভাতা ও উৎসব বোনাস একত্রে পেয়েছেন। ওই মাদ্রাসার সুপার আহাদ আলী সরকার এর সত্যতা নিশ্চিত করেছেন।

২০০৪ সালের এপ্রিলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে ওই মাদ্রাসার শিক্ষক আনিছুল হকের ভুল জন্মতারিখ এমপিও শিটে লিখে পাঠানো হয়। এই ভুলে এমপিও শিট থেকে তাঁর নাম বাদ পড়ে যায়। ভুল সংশোধনের জন্য ওই শিক্ষক শিক্ষা অধিদপ্তরে একাধিকবার দৌড়ঝাঁপ করেও ফল না পেয়ে পরিবার পরিজন নিয়ে ২৭ মাস ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। এ নিয়ে গত ২৮ এপ্রিল প্রথম আলোর বিশাল বাংলায় ‘অধিদপ্তরের ভুলে শিক্ষক বেতন পান না ২৭ মাস’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামানের হস্তক্ষেপে ওই শিক্ষকের নাম এমপিও শিটে তোলা হয়।

শিক্ষক আনিছুল হক বলেন, ‘ভুল সংশোধনের জন্য ২৭ মাসে ১১ বার শিক্ষা অধিদপ্তরে গিয়েছি, টাকা খরচ করেছি। কাজ হয়নি। প্রথম আলোয় সংবাদ প্রকাশিত না হলে আজও আমার জন্মতারিখ সংশোধন হতো না। বেতন-ভাতাও পেতাম না। এবারে ঈদের আগে ২৭ মাসের বকেয়া বেতন-ভাতা ও ঈদবোনাস একত্রে পেয়ে আমি ভীষণ খুশি। আগের ঈদগুলো টাকার অভাবে করতে পারিনি। এবারের ঈদ ভালোভাবে করতে পারব।’