অবশেষে দখলমুক্ত করা হচ্ছে জেল খাল

বরিশাল নগরের জেল খাল দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অবশেষে অভিযান চালানো হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জেল খালের নথুল্লাবাদ এলাকায় এ অভিযান চালায় জেলা প্রশাসন। পরিবেশ অধিদপ্তর, বরিশাল সিটি করপোরেশন, পুলিশ ও র্যাবও অভিযানে অংশ নেয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াছুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতে রিট ও জেলা প্রশাসকের নির্দেশ পেয়ে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। প্রাথমিকভাবে খালের একাংশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো। এখনো যেসব স্থাপনা রয়েছে, সেগুলোও সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক মো. শহীদুল আলম জানান, খাল দখল করে গড়ে তোলা অবৈধ মাছ বাজার ও টিনের দোকানসহ গতকাল ২০-২৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
গত ১৬ আগস্ট ‘দখলে-দূষণে জীর্ণশীর্ণ জেল খাল’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ২০ আগস্ট উচ্চ আদালতে রিট আবেদন করেন আইনজীবী মনজিল মোর্শেদ। আদালত এক সপ্তাহ সময় বেঁধে দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের বিরুদ্ধে রুল জারি করেন। এক সপ্তাহের মধ্যে কেন জেল খাল অবৈধ স্থাপনামুক্ত হবে না, জানতে চেয়ে ওই রুল জারি করা হয়। ১১ ডিসেম্বর জেল খাল অবৈধ দখলমুক্ত করার অগ্রগতি জানতে চেয়ে আরেকটি রিট আবেদন করেন মনজিল মোর্শেদ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ রোববারের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এরপরই গতকাল উচ্ছেদ অভিযান শুরু করল জেলা প্রশাসন।