অবশেষে দখলমুক্ত মহাখালীর টিবি কলোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি করপোরেশন ও মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে গতকাল দুপুরে হাসপাতাল স্টাফ কোয়ার্টারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় l প্রথম আলো
সিটি করপোরেশন ও মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে গতকাল দুপুরে হাসপাতাল স্টাফ কোয়ার্টারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় l প্রথম আলো

বক্ষব্যাধি হাসপাতালের স্টাফ কোয়ার্টারের ভেতরে হাজার খানেক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টা থেকে টানা তিন ঘণ্টা ওই অভিযান চলে।
বক্ষব্যাধি ইনস্টিটিউটের পরিচালক মো. রাশিদুল হাসান প্রথম আলোকে বলেন, স্টাফ কোয়ার্টারের ভেতরে মাদকদ্রব্যের বেচাকেনা চলছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছিল। এ ছাড়া হাসপাতালের গ্যাস, বিদ্যুৎ ও পানি অবৈধ এসব স্থাপনায় ব্যবহার করা হচ্ছিল। যেখানে বছরে সাত-আট লাখ টাকা বিদ্যুৎ বিল আসার কথা, সেখানে বিল আসছিল ২৪-২৫ লাখ টাকা। বারবার নোটিশের পরও জায়গা না ছাড়ায় উচ্ছেদ করতে হয়েছে।
মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, মহাখালীতে একটি পরিকল্পিত স্বাস্থ্য কমপ্লেক্স তৈরির পরিকল্পনা আছে সরকারের। তারই অংশ হিসেবে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
উচ্ছেদ অভিযান যে এলাকায় চালানো হয়েছে, সেটি ‘টিবি কলোনি’ নামে পরিচিত। ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৫৫ সালে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালটি প্রতিষ্ঠার পরপরই তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য স্টাফ কোয়ার্টার প্রতিষ্ঠা করা হয়। বক্ষব্যাধি হাসপাতাল ও সেবা পরিদপ্তরের কর্মচারীরাই মূলত এখানে থাকতেন। জানা গেছে, কর্মচারীদের অনেকে অবসরে বা মারা গেলেও তাঁদের ছেলেমেয়েরা কোয়ার্টার ছাড়েননি। উল্টো বাড়ির সামনে অবৈধ স্থাপনা তুলে ভাড়া দেন। শুধু যে পুরোনোরাই বাড়িঘর তুলে ভাড়া দিয়েছেন তা নয়, যাঁরা হাসপাতালে চাকরি করছেন, তাঁদেরও কেউ কেউ টিনের চালা তুলে ভাড়া দিয়েছেন। সাবেক কর্মচারীদের সন্তানদের কেউ কেউ ‘ভাড়াটে খুনি’ হিসেবে পুলিশের খাতায় নামও উঠিয়েছেন। মূলত অবৈধ স্থাপনা তুলে ভাড়া আদায়ের কাজটা এঁরাই করেন। অবৈধ এই স্থাপনাগুলোর মধ্যে তিনটি ভাতের হোটেল, বাজার, দোকানপাটও ছিল।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে অবৈধ স্থাপনা বসানোয় সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে মো. রুবেলের নামে। রুবেলের বাবা একসময় সেবা পরিদপ্তরে চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। বক্ষব্যাধি হাসপাতালের ঠিকাদারি নিয়ে দুই দলের কোন্দলের সময় রুবেল ও তাঁর সঙ্গী-সাথিরা আনোয়ার পাশা ওরফে লিটন নামে যুবলীগের এক নেতাকে খুন করেন। ২০০৯ সালে সংঘটিত ওই খুনের পর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে গোয়েন্দা পুলিশ ওই তথ্য জানিয়েছিল। সে সময় পুলিশ আরও জানিয়েছিল যে ২০০৩ সালে বাড্ডার কুড়িলে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের পর গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হয়েছিল। সেখান থেকে আর্জেস গ্রেনেডসহ বেশ কিছু আধুনিক অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, হাজার খানেক অবৈধ ঘর, ভাতের হোটেল, দোকানপাটে অবৈধ গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ ছিল। একেকটি কক্ষের ভাড়া ছিল দেড় থেকে দুই হাজার টাকা। ভাতের হোটেলগুলোর প্রতিটিতে একাধিক রেফ্রিজারেটর ছিল। যাঁরা এই অবৈধ স্থাপনাগুলো তুলেছিলেন, তাঁদের কখনোই প্রশাসনকে তোয়াক্কা করতে দেখা যায়নি। গতকাল বেলা দেড়টার দিকে মহাখালীর স্টাফ কোয়ার্টারে গিয়ে অসংখ্য টিনের বাড়ি পড়ে থাকতে দেখা গেছে। আগেই নোটিশ দেওয়ায় অনেকেই এলাকা ছেড়ে সরে পড়েছেন। কেউ কেউ তখনো ছিলেন। গুঁড়িয়ে দেওয়া বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন দুই নারী। এঁদের একজন বিলকিস বেগম। প্রথম আলোকে তিনি বলেন, ‘বিশ বছর ধরে আছি। একবার ভাঙে, আবার বাড়িঘর উঠায়। এইগুলি আছেই।’
মহাখালীর টিবি কলোনিতে অবৈধ বাড়িঘর তুলে যাঁরা ভাড়া আদায় করছিলেন, তাঁদের সম্পর্কে কতটুকু কী জানেন, জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন বলেন, উচ্ছেদে তাঁদের যুক্ত করা হয়নি।