অবশেষে দখলমুক্ত হলো ফুটপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। এ সময় ২২টি দোকানের মালিককে জরিমানা করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবিরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় ২২টি দোকানকে ২০০ টাকা করে চার হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।
আলমগীর কবির বলেন, রামেক হাসপাতালের সামনে রাস্তার দুই পাশের ফুটপাত দখল করে ভাতের হোটেল থেকে শুরু করে সব ধরনের পণ্যসামগ্রী বেচাকেনা হতো। এ ছাড়া রাস্তার দুই পাশ দখল করে অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, অটোরিকশা পার্ক করে রাখা হতো। এ জন্য হাসপাতালের সামনে সব সময় যানজট লেগে থাকত। রোগী ও তাঁর স্বজনেরা চরম দুর্ভোগে পড়তেন। ফুটপাতে পথচারীরা চলাচলেও সমস্যা হচ্ছিল।
ম্যাজিস্ট্রেট জানান, সোমবার তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ব্যবসায়ীদের এক দিনের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেন। গাড়ির চালকদেরও রাস্তায় গাড়ি না রাখার নির্দেশ দেন। কিন্তু গতকাল বিকেলে তিনি এসে দেখেন সবকিছুই আগের মতোই চলছে।
গত ৯ জুলাই ‘অধিকাংশ ফুটপাত দখল, ভোগান্তি’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।