অবশেষে দখলমুক্ত হলো সোনারগাঁয়ের প্রধান সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রধান সড়ক গ্র্যান্ডট্রাংক রোডের দুই পাশ অবশেষে দখলমুক্ত করেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) পুলিশ নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এ সময় ১০ জন দখলদারকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সোনারগাঁ পৌরসভার সাহাপুর এলাকার সিরাজুল ইসলাম, দুলাল মিয়া, আসলাম মিয়া, ফরিদ হোসেন, আইয়ুব মিয়া, সাইজুদ্দিন, আবদুর রহিম, রুবেল মিয়া, কামাল হোসেন ও হাফেজ মিয়া।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, শের শাহর আমলে নির্মিত গ্র্যান্ডট্রাংক রোড সোনারগাঁ উপজেলার প্রধান সড়ক হিসেবে পরিচিত। সাহাপুর এলাকায় এ সড়কের দুই পাশ অবৈধভাবে দখল করে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে কাঠের ব্যবসা করে আসছিলেন।

গতকাল সকাল ১০টার দিকে ইউএনও আবু নাছের ভূঞা এবং সহকারী কমিশনার (ভূমি) এস এম জাকারিয়া উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। ইউএনও আবু নাছের ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।