অবশেষে দায়িত্ব পেলেন মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে নির্বাচিত হওয়ার প্রায় তিন মাস পর বগুড়ার সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন নিজ দায়িত্ব বুঝে পেলেন। দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার পর গতকাল রোববার সান্তাহার পৌর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন তিনি।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে সান্তাহার পৌরসভায় বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থী তোফাজ্জল হোসেন দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। নির্বাচনের আট দিন পর গত ৮ জানুয়ারি দুপুরে দুটি বিবদমান শ্রমিক সংগঠনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই শ্রমিক খুন হন। এ খুনের ঘটনায় ১০ জানুয়ারি মেয়র তোফাজ্জল হোসেনসহ ৭৩ জনকে আসামি করে আদমদীঘি থানায় একটি হত্যা মামলা হয়। গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করেন মেয়র তোফাজ্জল। তিনি আর গত ১৫ জানুয়ারি বগুড়ায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে হাজির হতে পারেননি। পরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে গত ২৯ জানুয়ারি বগুড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ নিতে এলে পুলিশ তাঁকে একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করে। তখন থেকে তিনি বগুড়া কারাগারে ছিলেন। গত ১১ ফেব্রুয়ারি হাইকোটের নির্দেশে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্যারোলে শপথ নেন তোফাজ্জল হোসেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জামিনে ছাড়া পান। গতকাল তিনি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় দফায় মেয়রের কার্যক্রম শুরু করেন।