অবশেষে দুই শিক্ষার্থী প্রবেশপত্র পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়ের প্রবেশপত্র চেয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে বাবার আবেদন
মেয়ের প্রবেশপত্র চেয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে বাবার আবেদন

মালিয়াত বিনতে মান্নান হাতে পেয়েছে তার প্রবেশপত্র। ফলে সে ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে। আজ বৃহস্পতিবার বিকেলে সে প্রবেশপত্র হাতে পেয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে আসাদ অ্যাভিনিউতে অবস্থিত ফিরোজা বাশার আইডিয়াল কলেজের স্কুল শাখার এসএসসি পরীক্ষার্থী সে। 

পরীক্ষার্থীরা শতভাগ পাস না করলে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হবে—এ অজুহাতে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করার পরও মালিয়াত বিনতে মান্নানসহ দুজন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার প্রবেশপত্র দিচ্ছিল না এ প্রতিষ্ঠানটি। আজ প্রথম আলো অনলাইন সংস্করণে দুপুরে 'প্রবেশপত্র নিয়ে এ কেমন হয়রানি!' এ–সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

বিকেলে মালিয়াত বিনতে মান্নানের বাবা আবদুল মান্নান টেলিফোনে প্রথম আলোকে জানান, ‘বিকেলে স্কুল কর্তৃপক্ষ নিজে থেকে ডেকে নিয়ে মেয়ের হাতে প্রবেশপত্র দিয়েছে।’ 

মালিয়াত বিনতে মান্নান প্রথম আলোকে বলে, ‘আজ বিকেল সাড়ে চারটার দিকে আমরা দুজন প্রবেশপত্র হাতে পাই। এখন খুব ভালো লাগছে। পড়াশোনা মন দিয়ে করে করব।’

প্রবেশপত্র পাওয়া অপর শিক্ষার্থীর নাম ফাতেমা-তুজ জোহরা। তার বাবা রিয়াজ উদ্দিন টেলিফোনে বলেন, ‘আমার মেয়েসহ মোট ২৫ জন শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় ফেল করে। পরে স্কুলেই তিন মাস কোচিং করে। কোচিং ফি তিন হাজার টাকা এবং ফরম পূরণ বাবদ ছয় হাজার টাকাসহ মোট নয় হাজার টাকা জমা দিই। তিন মাসের কোচিং করার পর যে পরীক্ষা নেয় সেখানেও আমার মেয়েসহ দুজন ফেল করে। তখন স্কুল কর্তৃপক্ষ স্কুলের বদনাম হবে বলে অঙ্গীকারনামায় সই নেয় যে আমরা প্রবেশপত্রের জন্য তাদের অনুরোধ করতে পারব না।’

রিয়াজ উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘স্কুলের প্রায় সব শিক্ষক বাসায় কোচিং করাচ্ছেন। দুই বছর পড়ানো এবং কোচিং করানোর পরও মেয়ে কেন পাস করতে পারবে না? আর প্রতিটি বিষয়ে যদি কোচিংই করতে হয় তাহলে আর স্কুলে পড়ানোর দরকারটা কী? আমার মেয়ে তিন মাস অঙ্ক ও ইংরেজি কোচিং করে। সে ওই দুটি বিষয়েও পাস করতে পারেনি। তাহলে এখানে বাচ্চাদের আসলে কতটুকু পড়ানো হচ্ছে, তাই নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন সময় কথাও বলেছি। আর মেয়েকে পরীক্ষা দিতে না দিলে তার মনোবল আরও কমে যাবে। এখন প্রবেশপত্র হাতে পাওয়ার পর মেয়ে অনেক খুশি।’