রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অবশেষে গতকাল রোববার সহকারী রেজিস্ট্রার মোর্শেদ উল আলমকে নতুন রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে প্রেষণে সদ্য নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রার এ টি এম এমদাদুল আলমের নিয়োগ বাতিল করা হয়েছে।
গতকাল জনসংযোগ বিভাগের দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়, গত শনিবার রাতে সিন্ডিকেটের ৪১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী রেজিস্ট্রার মোর্শেদ উল আলমকে। তিনি গতকাল দায়িত্ব নিয়েছেন। সেই সঙ্গে ২২ জুন নিয়োগ দেওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার এমদাদুল আলমের প্রেষণে নিয়োগ বাতিল করা হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এ টি এম এমদাদুল আলমকে নিয়োগ দেওয়া নিয়ে কর্মকর্তাদের একাংশ এর প্রতিবাদ করেন। তাঁরা ওই নিয়োগ বাতিলের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়াসহ ২২ জুন থেকে অবস্থান ধর্মঘট, প্রতীকী অনশন কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ অব্যাহত রাখেন।