অবশেষে নদী দখলমুক্ত করতে অভিযান
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ইছামতী নদী দখলমুক্ত করতে অবশেষে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন৷ গতকাল বৃহস্পতিবার নদী দখল করে গড়ে তোলা একটি দোকান ভেঙে ফেলা হয়৷ আরও তিনটি স্থাপনা এক সপ্তাহের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে৷
শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নে ইছামতী নদীর পূর্ব তীর ঘেঁষে নালী-নয়াকান্দি সড়ক৷ এর পাশেই রূপসা বাজার। সম্প্রতি ওই বাজারের পশ্চিম ও উত্তর পাশে ইছামতী নদীর পূর্ব পাড় দখল করে চারটি স্থানে মার্কেট ও দোকানঘর নির্মাণ করেন স্থানীয় চার ব্যক্তি। এ নিয়ে গত মঙ্গলবার প্রথম আলোয় ‘শিবালয়ে ইছামতী নদী দখল করে মার্কেট নির্মাণ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে নদী দখলমুক্ত করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ফারজানা সিদ্দিকীর উপস্থিতিতে এ অভিযান চালানো হয়৷
নাহিদ ফারজানা সিদ্দিকী প্রথম আলোকে বলেন, নদী দখল করে রূপসা বাজারের পশ্চিম পাশে শফিকুল ইসলামের গড়ে তোলা পাকা দোকানটি ভেঙে ফেলা হয়েছে৷ এ ছাড়া এক সপ্তাহের মধ্যে অপর দুটি মার্কেট ও আরেকটি দোকান ভেঙে ফেলতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে৷