মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার গোপপাড়াসহ চারটি খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খননের নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। কিন্তু পৌরসভার মেয়র তা অমান্য করে সরকারের টাকায় গোপপাড়ার খালের ওপর নর্দমা নির্মাণের কাজ শুরু করেন। অবশেষে মেয়রের নির্দেশেই ওই নর্দমা আবার ভেঙে ফেলা হচ্ছে। এতে ঠিকাদারকে গচ্চা দিতে হচ্ছে আড়াই লাখ টাকা।
মিরকাদিম পৌরসভার মেয়র শহীদুল ইসলাম দাবি করেন, পৌরবাসীর দাবির মুখে প্রায় দুই কোটি টাকা ব্যয় করে নর্দমা নির্মাণকাজ করা হচ্ছিল। এখন আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই নির্মিতব্য নর্দমা ভেঙে ফেলছেন।
২০১২ সালের ১৯ জানুয়ারি ‘নয়নের খাল আর নয়ন জুড়ায় না!’ শিরোনামে প্রথম আলোর শেষের পাতায় নয়নের খাল, রিকাবীবাজার, ফেচন্নী ও গোপপাড়ার খালসহ মিরকাদিমের চারটি খাল নিয়ে সংবাদ প্রকাশিত হয়। ওই দিন সংবাদটি উচ্চ আদালতের নজরে এলে আদালত স্বপ্রণোদিত হয়ে চারটি খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল খননের জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে রুল জারি করেন। পরে চারটি খাল থেকে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অবৈধ দখলকারী ৫৭ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর মামলা করে। এখনো সেই মামলা বিচারাধীন। কিন্তু উচ্চ আদালতের আদেশে চারটি খাল আর খনন করা হয়নি।
একাধিক ব্যক্তি জানান, মেয়র শহীদুল সরকারের বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি প্রকল্পের মাধ্যমে এক কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে গোপপাড়ার খালের ওপর ৩৩৭ মিটার ‘গোপপাড়া আর.সি.সি. ড্রেন নির্মাণ’ কাজ শুরু করেন। গত বছরের ২৯ ডিসেম্বর নর্দমা নির্মাণকাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান। ঠিকাদার আবদুল মজিদ ওই দিন থেকে কাজ শুরু করেন।
এদিকে নর্দমা নির্মাণের কাজ দেখে উচ্চ আদালতের আদেশে বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান থেকে উচ্ছেদ হওয়া ব্যক্তিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাঁরা বিষয়টি নিয়ে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিলে মেয়রের টনক নড়ে। মেয়র ঠিকাদারকে নর্দমা নির্মাণ বন্ধ করার নির্দেশ দিয়ে তা ভেঙে ফেলতে বলেন। ঠিকাদারের শ্রমিকেরা গত মঙ্গলবার থেকে নর্দমার দেয়াল ভাঙা শুরু করেন।
খাল দখলের অভিযোগে করা মামলার আসামি মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন জানান, মেয়র শহীদুল আদালতের আদেশ অমান্য করে খাল খনন না করে নর্দমার নির্মাণকাজ করেন। কারণ ওই নর্দমার ওপর দিয়ে যে রাস্তাটি হবে সেটি তাঁর বাড়ির সামনে দিয়ে যাবে। এতে খাল উচ্ছেদে যেসব মানুষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
নর্দমা নির্মাণ কাজের উদ্বোধনের ব্যাপারে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বলেন, ‘এই নর্দমাগুলো সম্পর্কে যে উচ্চ আদালতের আদেশ আছে সেটি আমি জানতাম না। পৌরসভার মেয়রসহ কোনো কাউন্সিলর আমাকে আদালতের আদেশের কথা জানাননি।’
ঠিকাদার আবদুল মজিদ বলেন, তিনি জানতেন না যে এখানে উচ্চ আদালতের আদেশ আছে। ইতিমধ্যে তাঁদের আড়াই লাখ টাকা ব্যয় হয়েছে। এই বিল তাঁরা এখনো পাননি। এই টাকা এখন তাঁদের থেকেই গচ্চা যাবে।