অবশেষে নলডাঙ্গার সিদ্ধেশ্বরী মন্দিরে পূজা হচ্ছে
ঝিনাইদহ সদর উপজেলার কালিকাদোয়া খাল থেকে মাছ ধরার প্রতিবাদে ঘোষণা দিয়ে দুর্গাপূজা বন্ধ করা হলেও শেষ পর্যন্ত হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে সমঝোতায় পূজা উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীশ্রী সিদ্ধেশ্বরী সর্বজনীন পূজা কমিটি।
গত রোববার রাত সাড়ে আটটার দিকে পরিষদের নেতারা স্থানীয় পূজা কমিটির নেতাদের সঙ্গে কথা বলে এই ঘোষণা দেন। এ সময় তাঁরা কালো কাপড় দিয়ে ঢেকে রাখা মূর্তিগুলোর ওপর থেকে কাপড় সরিয়ে নেন।
সদর উপজেলার নলডাঙ্গা রাজবাড়ি সিদ্ধেশ্বরী সর্বজনীন মন্দির কমিটির সাধারণ সম্পাদক অতুল অধিকারী বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কনক কান্তি দাস, জেলা সভাপতি নারায়ণ চন্দ্রসহ অন্য নেতারা ঝিনাইদহ জেলা প্রশাসকসহ জেলার অন্যান্য সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠক করে বিষয়টির সমাধান করেছেন।
এরপর নেতারা তাঁদের মন্দির প্রাঙ্গণে এসে বিস্তারিত জানিয়ে পূজা করার আহ্বান জানান। এই আহ্বানে সাড়া দিয়ে তাঁরা পূজা করার ঘোষণা দেন।
প্রসঙ্গত, কালিকাদোয়া থেকে সরকারি কর্মকর্তাদের তত্ত্বাবধানে মাছ ধরার প্রতিবাদে এ বছর দুর্গাপূজা না করার ঘোষণা দেয় মন্দির কমিটি।