অবশেষে নাম পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের লক্ষ্মণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ভাষাশহীদ আবদুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।

গতকাল বুধবার ফেনীর জেলা প্রশাসক মো. আমিন উল আহসান বিষয়টি জানিয়েছেন।

মহান ভাষা আন্দোলনের শহীদ আবদুস সালামের গ্রামের বাড়ি মাতুভূঞা ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামে। পরে গ্রামের নাম পরিবর্তন করে ভাষাশহীদ আবদুস সালাম নগর করা হয়।

প্রশাসন সূত্র জানায়, গ্রামের নাম পরিবর্তন হলেও প্রাথমিক বিদ্যালয়টির নাম পরিবর্তন নিয়ে কিছুটা জটিলতা দেখা দেয়। গ্রামবাসীর দাবির পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে বেশ কয়েকবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়। পরে জেলা প্রশাসনের প্রচেষ্টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় লক্ষ্মণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ভাষাশহীদ আবদুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় করার অনুমোদন দেয়।

ফেনীর জেলা প্রশাসক মো. আমিন উল আহসান প্রথম আলোকে বলেন, ভাষাশহীদ আবদুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণের অনুমোদন-সংক্রান্ত
চিঠি এখনো হাতে আসেনি। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব তাঁকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাষাশহীদ সালামের ছোট ভাই আবদুল করিম বলেন, ভাষাশহীদের নামে বিদ্যালয়ের নামকরণের দাবি ছিল সর্বজনীন।