অবশেষে নামফলকটি পুনঃস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে গত ২৭ মে ‘বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী সড়ক’-এর (হবিগঞ্জ শহরের পশ্চিম প্রান্তে অবস্থিত নছরতপুর-কামড়াপুর বাইপাস সড়কের প্রবেশমুখে) নামফলক পুনঃস্থাপন করেছে জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

প্রথম দফায় প্রায় দুই বছর আগে এটি স্থাপন করলে কে বা কারা তা ভেঙে ফেলে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে ফের নামফলকটি স্থান পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন।

মুক্তিযুদ্ধের সংগঠক ও হবিগঞ্জ নাগরিক কমিটির সভাপতি চৌধুরী আবদুল হাই বলেন, ‘আমাদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার তা কার্যকর করেছে। কেউ ইচ্ছা করলেই এটি বাতিল করতে পারে না। নামফলকটি পুনঃস্থাপন করায় আমরা খুশি।’

হবিগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মোহামঞ্চদ জাহাঙ্গীর আলম বলেন, নানা চাপের কারণে এত দিন এ নামফলকটি স্থাপন করা যায়নি। তবে সওজের কেন্দ্রীয় দপ্তরের নির্দেশ ও গেজেটের ভিত্তিতে ২৭ মে এটি পুনঃস্থাপন করা হয়েছে।

মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করে হবিগঞ্জ চেতনায় একাত্তর। এ সংগঠনের পক্ষ থেকে ২০০৮ সালে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ গোলচত্বরকে মেজর জেনারেল এম এ রব চত্বর ও নছরতপুর-কামড়াপুর বাইপাস সড়ককে মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরীর নামে নামকরণের দাবি জানানো হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশে ২০০৯ সালের ২২ জানুয়ারি এবং একই সালের ১৬ এপ্রিল এ দুজন মুক্তিযোদ্ধার নামে নামকরণের বিষয়টি চূড়ান্ত ও গেজেট প্রকাশিত হয়। জেলা সওজ ২০১০ সালের ২ মে শায়েস্তাগঞ্জ গোলচত্বরে এম এ রব ও নছরতপুর-কামড়াপুর সড়ককে মানিক চৌধুরী সড়ক হিসেবে নামফলক স্থাপন করে। কিন্তু মানিক চৌধুরীর নামফলকটি স্থাপনের এক সপ্তাহের ভেতরে কে বা কারা ভেঙে ফেলে।

এ ঘটনার পর একই সালের ৭ জুন হবিগঞ্জ সদর-৩ আসনের সাংসদ আবু জাহির এ সড়কের বিরোধিতা করে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেন। এ আবেদনে তিনি মুক্তিযোদ্ধা মানিক চৌধুরীর নাম পরিবর্তন করে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার নামে নামকরণের দাবি জানান। পাশাপাশি তিনি একই বছরের ২৯ জুলাই জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়নবিষয়ক কমিটির এক সভায় এম এ রব গোলচত্বরের নাম পরিবর্তন করে সমাজকল্যাণমন্ত্রী সাংসদ এনামুল হক মোস্তফা শহীদের নাম প্রস্তাব করেন। এ ছাড়া সাংসদ আবু জাহির সড়কের নাম পরিবর্তনে যোগাযোগ মন্ত্রণালয়ে একটি আবেদন করেন। তাঁর এ আবেদন ২০১১ সালের ১২ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায় এবং তা কার্যকর না হয়ে ফেরত আসে যোগাযোগ মন্ত্রণালয়ে।

এ বিষয়ে প্রথম আলোয় ২০১০ সালের ১৩ মে জনগণের সাংসদ ও সড়কের নামকরণ বিষয়ে একটি প্রতিবেদন ছাপা হয়। এ প্রতিবেদনে সাংসদ আবু জাহির দাবি করেন, মানিক চৌধুরী ওই এলাকার নন, তিনি বাহুবল উপজেলার লোক। সেখানে তাঁর নামে কিছু হতে পারে। এ কারণে এলাকাবাসী চান হবিগঞ্জ সদর-৩ আসনের প্রয়াত সাংসদ শাহ এ এম এস কিবরিয়ার নামে সড়কটি হোক।

 শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া ওই সময় এ প্রসঙ্গে বলেছিলেন, ‘এই ফলক ভাঙা দুঃখজনক। একজন মুক্তিযোদ্ধাকে অসম্মান করা হয়েছে। শাহ এ এম এস কিবরিয়া বেঁচে থাকলে এ ঘটনায় দুঃখ পেতেন। আমরা এসব ঘটনায় না জড়িয়ে এ এম এস কিবরিয়াকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই।’

ফলক ভাঙার ঘটনার পর স্থানীয় ও জাতীয়ভাবে মুক্তিযোদ্ধা ও সংগঠকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, আকবর আলি খান, জাতীয় অধ্যাপক প্রয়াত কবির চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী লিখিতভাবে নিন্দা জানান ও নামফলকটি দ্রুত পুনঃস্থাপনের দাবি করেন।

চেতনা একাত্তরের সদস্যসচিব ও মুক্তিযোদ্ধা মানিক চৌধুরীর মেয়ে কেয়া চৌধুরী বলেন, ‘দুজন মুক্তিযোদ্ধার ত্যাগের মূল্যায়ন ও সঞ্চৃতি ধরে রাখতে এ নামকরণ। অথচ শ্রেষ্ঠ সন্তানদের অমর্যাদার নানা চেষ্টা করা হয়। অবশেষে জনগণের জয় হয়েছে এ ফলক স্থাপনের মধ্য দিয়ে। কিন্তু আশঙ্কা রয়েই যাচ্ছে আবার কি জানি দুর্বৃত্তদের কালো হাত পড়ে।’