অবশেষে নারী উন্নয়ননীতির কর্মপরিকল্পনা চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে নারী উন্নয়ননীতি বাস্তবায়নে জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার। আজ শনিবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এটি চূড়ান্ত করে। বিকেলে নগরের একটি হোটেলে মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে নারী উন্নয়ননীতি বাস্তবায়নে বই আকারে প্রকাশিত জাতীয় কর্মপরিকল্পনাটি গণমাধ্যমের প্রতিনিধিদের দেওয়া হয়। 

সরকার জাতীয় নারী উন্নয়ননীতি প্রণয়ন করে ২০১১ সালে। সরকারের শেষ সময়ে এসে এ ধরনের কর্মপরিকল্পনা আদৌ কাজে লাগবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সংবাদ সম্মেলনে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় এ কর্মপরিকল্পনাটি সম-অধিকার ও বৈষম্যহীন ২০২১ সালের বাংলাদেশ তৈরিতে নারী উন্নয়নের মডেল হিসেবে কাজ করবে।’ তিনি বলেন,  নারীর সমান সুযোগ ও সম-অধিকার নিশ্চিতকরণ এবং উন্নয়নের মূল স্রোতধারায় নারীকে সম্পৃক্ত করে জাতীয় উন্নয়ন নিশ্চিত করাই এ নীতির অন্যতম উদ্দেশ্য।’

সংবাদ সম্মেলনে এ কর্মপরিকল্পনাটি সম-অধিকার বাস্তবায়নে কতটুকু সহায়ক ভূমিকা পালন করবে তা নিয়ে গণমাধ্যমের কর্মীরা প্রশ্ন তোলেন।

ওই পরিকল্পনার ১৬ পৃষ্ঠায় মধ্যমেয়াদি কর্মসূচি হিসেবে নারীর উত্তরাধিকার, তালাক ও বিবাহের অধিকার নিশ্চিতকরণে আইন প্রণয়নের কথা বলা আছে। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১, হিন্দুসহ অন্যান্য ধর্মের পারিবারিক আইনেও সংশোধন আনার কথা বলা হয়েছে। তবে নারী নীতির পাদটীকায় বলা আছে, ‘এই নীতিতে যা-ই থাক না কেন, আইন প্রণয়নকালে কোরআন-সুন্নাহ বিধানের পরিপন্থী কিছু থাকলে তা অকার্যকর বলে গণ্য হবে।’

নীতিতে উত্তরাধিকার সম্পত্তিতে সম-অধিকারের বিধান না করে তা এড়িয়ে গেছে সরকার। তবে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সব ধরনের বৈষম্যমূলক আইন সংস্কারের অঙ্গীকার ছিল।

সংবাদ সম্মেলনে বলা হয়, কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত কার্যক্রম তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে। স্বল্প মেয়াদে দুই বছরের মধ্যে, মধ্য মেয়াদে পাঁচ বছরের মধ্যে এবং দীর্ঘ মেয়াদে নয় বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে। সরকারের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করা হবে। সব মন্ত্রণালয় ও বিভাগের এলোকেশন অব বিজনেসে নারী উন্নয়ন-সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত করা হবে। এ ছাড়া কর্মপরিকল্পনা বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নারী উন্নয়ন বাস্তবায়ন ও মূল্যায়ন কমিটি গঠন করা হবে।