অবশেষে নিজের স্কুলে মুতাসিম

সাংসদের নির্দেশে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বের করে দেওয়া শিশু মুতাসিম মাহিরকে অবশেষে সেই স্কুলেই পুনর্বহাল রাখা হয়েছে। একইসঙ্গে এই স্কুলে যোগদান করতে সক্ষম হয়েছেন মুতাসিমের বাবা শিক্ষক মাজহারুল আনোয়ার।
মাজহারুল আনোয়ার সম্প্রতি লিখিত অভিযোগে জানিয়েছিলেন, তিনি গৌরীপুরের ধুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হন। তবে সাংসদের অনুমতি ছাড়া (ডিও লেটার) বদলি হওয়ায় তাঁকে পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করতে দেওয়া হচ্ছিল না। এই বিরোধের জের ধরেই সাংসদের নির্দেশে গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মুতাসিমকে গত ২১ মে ছাড়পত্র দিয়ে বের করে দেওয়া হয়। অন্য দুটি বিদ্যালয়ে ভর্তি হতে গেলেও সাংসদের কারণেই তাকে ভর্তি করানো যায়নি।
বিভিন্ন জাতীয় সংবাদপত্রে ওই খবর প্রকাশিত হলে ৯ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান মুতাসিমকে যেকোনো বিদ্যালয়ে ভর্তি করানোর ব্যবস্থা নিতে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে আদেশ দেন।

গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার সকাল সোয়া নয়টার দিকে মাজহারুল আনোয়ার গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এর কিছুক্ষণ পর চতুর্থ শ্রেণিতে পড়ুয়া তাঁর সন্তান মুতাসিম পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। মুতাসিমের ছাড়পত্র বাতিল করে আগের ভর্তি পুনর্বহাল করা হয়। দুপুর ১২টা থেকে মুতাসিম ক্লাস করে।
অনেক দিন পর স্কুলে আসতে পেরে খুশি ছিল মুতাসিম। সে তার ভালো লাগার কথা জানায়।
আজ বিকেলে মাজহারুল আনোয়ার বলেন, ‘কোনো বাধা ছাড়াই আমি যোগদান করেছি। সকলের সহযোগিতায় প্রথম দিন পার করেছি।’ তিনি বলেন, ‘আমার পরিবার নিয়ে আমি খুব উৎকণ্ঠায় ছিলাম।’ ছেলের ভর্তি পুনর্বহাল করায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর কাছে ও গণমাধ্যমের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ।’