অবশেষে নিতাইগঞ্জে দিনে পণ্য ওঠানামা বন্ধ

নারায়ণগঞ্জ নগরের নিতাইগঞ্জের অবৈধ ট্রাকস্ট্যান্ডে দিনের বেলা পণ্য ওঠানামা বন্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার নিতাইগঞ্জ সড়ক থেকে সব ট্রাক সরিয়ে নেওয়া হয়।
গত ২৩ জুলাই নগর ভবনে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট অনুষ্ঠানে স্থানীয় সাংসদ সেলিম ওসমান নিতাইগঞ্জে দিনের বেলা কোনো ট্রাক দাঁড়াতে পারবে না বলে ঘোষণা দেন। এর আগে ওই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী স্থানীয় সাংসদকে নিতাইগঞ্জ থেকে ট্রাকস্ট্যান্ড সরিয়ে নিতে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন। এরপর সাংসদ সেলিম ওসমানের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের একটি বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয়, ১ আগস্ট (গতকাল মঙ্গলবার) থেকে নিতাইগঞ্জে বঙ্গবন্ধু সড়কের ওপর থেকে অবৈধ ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়া হবে।
জেলা প্রশাসন সূত্র জানায়, নারায়ণগঞ্জ শহর যানজটমুক্ত করতে গতকাল থেকে নিতাইগঞ্জ এলাকায় দিনের বেলায় এবং রাতের কিছু সময় ট্রাকে পণ্য ওঠানো-নামানো বন্ধ করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। সিদ্ধান্ত হয়, ব্যবসায়ীরা শুধু রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত ট্রাকে পণ্য ওঠা-নামা করতে পারবেন। যেসব ব্যবসায়ী ও পরিবহন মালিক এ সিদ্ধান্ত অমান্য করবেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।
নারায়ণগঞ্জ নগরের বঙ্গবন্ধু সড়কের মণ্ডলপাড়া ব্রিজ থেকে নিতাইগঞ্জ পর্যন্ত অবৈধ ট্রাকস্ট্যান্ড, আশপাশের অলিগলি এবং সড়কের বিভিন্ন পয়েন্টে দিনের বেলায় ট্রাকে পণ্য ওঠানো ও নামানোর কারণে শহরে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হতো। স্থানীয় লোকজন দীর্ঘদিন ধরে এসব স্থানে যানজট নিরসনের দাবি জানিয়ে আসছিলেন।