অবশেষে নিবন্ধনের আওতায় এল শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি তোলার কথা বলতেই হাসিমুখগুলো কেমন যেন ‘শক্ত’ হয়ে যায়। নিবন্ধন শেষে পরিচয়পত্র হাতে রোহিঙ্গা শিশুরা। কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালীর বায়োমেট্রিক নিবন্ধন কেন্দ্র থেকে গতকাল দুপুরে তোলা l ছবি: প্রথম আলো
ছবি তোলার কথা বলতেই হাসিমুখগুলো কেমন যেন ‘শক্ত’ হয়ে যায়। নিবন্ধন শেষে পরিচয়পত্র হাতে রোহিঙ্গা শিশুরা। কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালীর বায়োমেট্রিক নিবন্ধন কেন্দ্র থেকে গতকাল দুপুরে তোলা l ছবি: প্রথম আলো

পাঁচ বছরের ওপরের রোহিঙ্গা শিশুদের বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় আনা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর থেকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের তিনটি কেন্দ্রে শিশুদের নিবন্ধন করা হচ্ছে। এত দিন ১২ বছরের নিচে কোনো রোহিঙ্গা শিশুর নিবন্ধন করা হয়নি। গতকাল মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত চার দিনে মোট ৫ হাজার ৯০০ শিশুর নিবন্ধন হয়েছে।

রোহিঙ্গা শরণার্থীদের বায়োমেট্রিক নিবন্ধন শুরু হয় গত ১১ সেপ্টেম্বর রাতে। সেদিন ১০ জন রোহিঙ্গার নিবন্ধনের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২৩ দিনে কক্সবাজারের উখিয়ার কুতুপালং, থাইংখালী এবং টেকনাফের নয়াপাড়া শিবিরে স্থাপিত মোট তিনটি কেন্দ্রে শিশুসহ ৬১ হাজার ৯৫০ জন রোহিঙ্গার নিবন্ধন হয়েছে। গতকাল এক দিনেই ৮ হাজার ৬৮২ জন রোহিঙ্গার নিবন্ধন হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন করছে। এতে সহযোগিতা দিচ্ছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বাংলাদেশ সেনাবাহিনী। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরও নিবন্ধন কার্যক্রমে যুক্ত রয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিবন্ধন কার্যক্রম দেখতে গতকাল দুপুরে এই প্রতিবেদক কক্সবাজার শহর থেকে ৬২ কিলোমিটার দূরে উখিয়া উপজেলার থাইংখালী বাজারে যান। এই বাজারের পূর্ব পাশে থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে পৌঁছার পর দেখা যায় বিদ্যালয়ের মাঠে শিশুসহ শতাধিক রোহিঙ্গা নিবন্ধন করার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। তবে শিশুদের জন্য পৃথক কোনো লাইন নেই। শিশুরা বাবা-মা বা স্বজনদের সঙ্গেই লাইনে দাঁড়িয়েছে।

নিবন্ধন শেষ হওয়ার কিছু সময় পরই শিশুদের দেওয়া হচ্ছে একটি ‘পরিচয়পত্র’। এই পরিচয়পত্রের ওপরের অংশে লেখা ‘মিয়ানমার ন্যাশনাল’স রেজিস্ট্রেশন কার্ড’। এর নিচে কার্ডের নম্বর, শিশুর নাম, ছবি, দেশ (মিয়ানমার), জন্মস্থান (মিয়ানমার), বয়স, লিঙ্গ, বাবা ও মায়ের নাম রয়েছে। পরিচয়পত্রের পেছনে মিয়ানমারে থাকার সময় শিশুটির পূর্ণাঙ্গ ঠিকানা রয়েছে। এ ছাড়া বাংলাদেশে প্রবেশের তারিখ এবং পরিচয়পত্র হস্তান্তরের তারিখও কার্ডে লেখা রয়েছে।

গতকাল সকালে পরিচয়পত্র পাওয়া শিশুদের একজন মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিডং থেকে আসা মো. হাসান (৮)। তার চোখেমুখে খুশির ঝিলিক। ফিতার সঙ্গে বাঁধা পরিচয়পত্রটি (লেমিনেটিংয়ে মোড়ানো) গলায় ঝুলিয়ে অন্য শিশুদের দেখাচ্ছে সে। তখনো পরিচয়পত্র না পাওয়া অন্য শিশুরা বিস্ময়ের চোখে দেখছে তা। কয়েকটি শিশু ছুঁয়ে দেখল হাসানের পরিচয়পত্রটি।

থাইংখালীর এই নিবন্ধনকেন্দ্র নতুন হয়েছে। নিবন্ধন কার্যক্রমে গতি বাড়াতে গত সপ্তাহে এই কেন্দ্র চালু করা হয় বলে জানান কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, শুরুতে উখিয়া ও টেকনাফের দুটি কেন্দ্রে রোহিঙ্গাদের নিবন্ধন শুরু হয়েছিল। আগামী এক সপ্তাহের মধ্যে উখিয়া ও টেকনাফে আরও পাঁচটি নিবন্ধনকেন্দ্র চালু করা হবে। তখন নিববন্ধন কার্যক্রমে আরও গতি আসবে।

থাইংখালীর নিবন্ধনকেন্দ্রের সামনে কথা হয় রাখাইন রাজ্যের ঢেঁকিবুনিয়া থেকে আসা খতিজা বেগম (৪৫) ও নবী হোসেনের (৩৮) সঙ্গে। তাঁরা বলেন, কার্ড না থাকলে ত্রাণসহায়তাসহ চিকিৎসাসেবা পাওয়া যাবে না এমন কথা শুনেছেন। তাই নিবন্ধন নিয়ে রোহিঙ্গাদের মধ্যে আগ্রহ বেড়েছে।

রোহিঙ্গা শরণার্থীদের নিবন্ধন কার্যক্রম আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন। তিনি বলেন, নিবন্ধনে রোহিঙ্গাদের আগ্রহী করতে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রচারণা চালাচ্ছেন তাঁরা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত ৫ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। এর মধ্যে শিশু ২ লাখ ৪০ হাজার। এ ছাড়া আগে থেকে কক্সবাজারে অবস্থান করছে আরও ৫ লাখের বেশি রোহিঙ্গা।

কক্সবাজার জেলা পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন বলেন, উখিয়া-টেকনাফের আশ্রয়শিবিরে যারা অবস্থান করছে, আগে তাদের নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। এরপর পুরো জেলায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের নিবন্ধনের আওতায় আনা হবে।