অবশেষে নিবন্ধিত হলো প্রতিবন্ধী মাহিনুরের সিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জন্মগতভাবে এক হাত না থাকা শারীরিক প্রতিবন্ধী মাহিনুরের মুঠোফোনের দুটি সিম অবশেষে নিবন্ধিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে (এনআইডি) তাঁর সিম নিবন্ধন করা হয়।
এক হাত না থাকায় মাহিনুরের সিম নিবন্ধন না হওয়ার বিষয়টি নিয়ে গতকাল প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম তাঁর সিম নিবন্ধনের বিষয়ে উদ্যোগ নেন। তাঁর নির্দেশ পাওয়ার পর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে মাহিনুরের সঙ্গে যোগাযোগ করে তাঁকে আগারগাঁওয়ের এনআইডি কার্যালয়ে যেতে বলা হয়।
সিম নিবন্ধনের পর মাহিনুর প্রথম আলোকে বলেন, তাঁর এক হাতের দুই আঙুলের ছাপ দুবার করে নিয়ে সিম নিবন্ধন করানো হয়েছে। দুটি মুঠোফোন অপারেটরের কর্মী এনআইডি কার্যালয়ে গিয়ে তাঁর সিমের নিবন্ধন সম্পন্ন করেন।
বিষয়টি নিয়ে তারানা হালিম ফেসবুকে মাহিনুরের ছবিসহ একটি স্ট্যাটাস দেন। এতে বলা হয়, ‘আজ একটি দৈনিকে প্রকাশিত খবর দেখে আমি খুবই ব্যথিত হয়েছি। একজন শারীরিক প্রতিবন্ধীর ডান হাত না থাকায় তিনি আঙুলের ছাপ পদ্ধতিতে তাঁর সিমটি নিবন্ধন করতে পারেননি। খবরটি দেখে আমি তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করি। মেয়েটির দুটি সিমই সফলভাবে নিবন্ধিত হয়েছে জেনে আমি খুশি হয়েছি।’
তারানা হালিম উল্লেখ করেন, ওই প্রতিবন্ধী নারী গৃহকর্মী সিম নিবন্ধনের জন্য কোনো গ্রাহকসেবাকেন্দ্রে যাননি। অথবা ১২১ নম্বরে ফোন করে সহায়তা চাননি। তিনি শুধু একজন খুচরা বিক্রেতা বা রিটেইলারের কাছে গিয়ে ফেরত এসেছিলেন।
মাহিনুর শেওড়াপাড়ার একটি বাসায় খণ্ডকালীন গৃহকর্মীর কাজ করেন। তাঁর ডান হাতের কনুইয়ের পর থেকে বাকি অংশ নেই। এক হাত নেই বলে সিম নিবন্ধন করতে গিয়ে তাঁকে ফেরত আসতে হয়েছিল।

আর পড়ুন :