নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনে নিয়োগ, পদোন্নতি, দোকান বরাদ্দ ও উন্নয়নমূলক সব কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে গত সোমবার এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
গত শনিবার প্রথম আলোয় ‘নির্বাচনের মধ্যেই নিয়োগ, পদোন্নতি, উন্নয়নকাজ!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর স্থানীয় সরকার বিভাগ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের এসব বন্ধ রাখার নির্দেশনা পাঠায়।
জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবদুল মালেক গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, সিটি করপোরেশনের কর্মকর্তাদের আগেই বোঝা উচিত ছিল, নির্বাচনের সময় এ ধরনের কার্যক্রম চালানো ঠিক নয়। এটা বলে দেওয়ার তেমন বিষয় নয়। তার পরও লিখিত নির্দেশনা দেওয়াটা জরুরি পর্যায়ে পৌঁছেছে বলেই এ আদেশ জারি করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের নির্দেশে বলা হয়েছে, নির্বাচনের আগ পর্যন্ত সিটি করপোরেশনের নিয়োগ, বদলি ও পদোন্নতির সব কার্যক্রম স্থগিত থাকবে। এ সময়ে কোনো দরপত্র আহ্বান, কার্যাদেশ দেওয়া যাবে না এবং কোনো উন্নয়নকাজের বিপরীতে টাকা পরিশোধ করা যাবে না। কোনো ধরনের ইজারা দেওয়া, এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া বা কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা যাবে না।
এই নির্দেশে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব সরোজ কুমার নাথ। নির্দেশে আরও বলা হয়েছে, সিটি করপোরেশনের মালিকানায় কোনো সম্পত্তি, দোকান বরাদ্দ, ভাড়া, লিজ দেওয়া যাবে না বা এ-সংক্রান্ত উদ্যোগ গ্রহণ করা যাবে না। সিটি করপোরেশনের সঙ্গে অন্য কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন করা যাবে না। কোনো প্রাক্কলন প্রস্তুত, অনুমোদন, প্রকল্পের অনুমোদন ইত্যাদি তৈরি করা যাবে না।
আদেশে বলা হয়, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসব নির্দেশনা সবাইকে মানতে হবে। এসব নির্দেশনার কোনো ব্যত্যয় হলে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়ী থাকবেন।
নির্বাচন কমিশন থেকে গত ২৯ মার্চ ও ৬ এপ্রিল কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল, যার স্মারক নম্বর স্থানীয় সরকার বিভাগের আদেশে উল্লেখ করা হয়েছে। তবে সোমবার পর্যন্ত এ দুই সিটি করপোরেশনে রুটিনমাফিক সব কাজ চলেছে। যদিও নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে, তফসিল ঘোষণার পর করপোরেশন এলাকায় কোনো ধরনের উন্নয়নমূলক প্রকল্প অনুমোদন এবং আগে অনুমোদিত প্রকল্পে টাকা ছাড় করা যাবে না।
অবশ্য সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবি করেছেন, ২০১১ সাল থেকে করপোরেশনে কোনো জনপ্রতিনিধি না থাকায় সব কাজ এত দিন যেভাবে চলেছে, এখনো সেভাবেই চলছে। এ ব্যাপারে নির্বাচন কমিশন বা স্থানীয় সরকার বিভাগ থেকে কোনো নির্দেশনা ছিল না বলেই কাজগুলো চলছিল।