অবশেষে নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশেষে স্থগিত করা হয়েছে পীরগঞ্জ কেএস কেন্দ্রীয় উচ্চবিদ্যালয়ের গ্রন্থাগারিক পদের নিয়োগ পরীক্ষা। কয়েকজন প্রার্থীকে ইন্টারভিউ কার্ড না দিয়েই তড়িঘড়ি করে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করে নিজস্ব প্রার্থীকে নিয়োগ দেওয়ার পাঁয়তারা চলছিল।অভিযোগে জানা গেছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির নিকটাত্মীয়কে অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়ার আয়োজন চূড়ান্ত করে ফেলেছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিষয়টি ফাঁস হওয়ায় নিয়োগ পরীক্ষা নিরপেক্ষ না হওয়ার আশঙ্কা দেখা দেয় প্রার্থীদের মধ্যে। নিয়োগ পরীক্ষার আগের দিন পর্যন্ত ইন্টারভিউ কার্ড না পাওয়ায় প্রার্থী মুনজুর আলম বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একাধিকবার যোগাযোগ করার পরও কার্ড হাতে পাননি। প্রধান শিক্ষকের টালবাহানা দেখে নিয়োগ পরীক্ষার নিরপেক্ষতা নিয়ে সন্দেহ দেখা দেয়। মুনজুর আলম নিয়োগ পরীক্ষার স্থগিতাদেশ চেয়ে ঠাকুরগাঁও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডিজির প্রতিনিধি, পীরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেন।ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিস থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলে পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অবশেষে ২৪ মার্চ দুপুরে নিয়োগ পরীক্ষা স্থগিত করেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রউফ বলেন, ‘অভিযোগকারী প্রার্থী ইন্টারভিউ কার্ড গ্রহণ করেছেন মর্মে আমি পোস্টমাস্টার ও পোস্টম্যানের কাছে লিখিত নিয়েছি।’ বিদ্যালয়ের সভাপতি মো. জহুর আলীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।স্কুলের সহকারী লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য ১২ জানুয়ারি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করা ২৪ মার্চ। সে মোতাবেক নির্ধারিত তারিখের সাত দিন আগেই প্রার্থীদের কাছে ইন্টারভিউ কার্ড পৌঁছানোর কথা। কিন্তু আবেদনকারী মো. মুনজুর আলম নির্ধারিত তারিখের দিনও তাঁর কার্ড পাননি। অন্য কয়েকজন প্রার্থীও কার্ড পেয়েছেন পরীক্ষার আগের দিন সন্ধ্যায়।