অবশেষে নূর হোসেনকে বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে অবশেষে সিটি করপোরেশনের কাউন্সিলর পদ থেকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ফৌজদারি মামলার কারণে কাউন্সিলর শাহজালাল বাদলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে গত বৃহস্পতিবার সই করা হলেও গতকাল রোববার এ বিষয়ে সাংবাদিকদের জানানো হয়। প্রজ্ঞাপনটিতে সই করেছেন জ্যেষ্ঠ সহকারী সচিব জসীম উদ্দিন হায়দার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন)-২০০৯-এর ১৩ ধারা অনুযায়ী নূর হোসেনকে কাউন্সিলর পদ থেকে অপসারণ এবং পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
সাত খুনের ঘটনার পর নূর হোসেন ভারতে পালিয়ে যান। পরে পশ্চিবঙ্গের পুলিশ অনুপ্রবেশের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে সেখানকার আদালতে তাঁর বিরুদ্ধে মামলা চলছে। এ ছাড়া নারায়ণগঞ্জের আদালতে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে একটি মামলায় তাঁর সাজা হয়েছে। এ দুটি কারণ দেখিয়ে তাঁকে বরখাস্ত করা হয়।
নূর হোসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং শাহজালাল বাদল ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। শাহজালাল সম্পর্কে নূর হোসেনের ভাতিজা। ওই খুনের ঘটনার পর থেকে শাহজালালও পলাতক। তাঁদের বিষয়ে নির্দেশনা চেয়ে গত বছরের অক্টোবর মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেয় সিটি করপোরেশন। কিন্তু এত দিন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না দেওয়ায় তাঁরা দুজনই কাউন্সিলর পদে বহাল ছিলেন।